২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারের পর শাস্তিও পেল ক্যারিবিয়ানরা

মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে নিকোলাস পুরানদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 03:01 PM

Updated : 23 Aug 2022, 04:09 PM

একে তো ম্যাচ হারের হতাশা, তার সঙ্গে যোগ হয়েছে শাস্তি। নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলকে।

বারবাডোজে সোমবার সকালে শেষ হওয়া ম্যাচে নির্ধারিত সময়ে দুই ওভার কম করেছে ক্যারিবিয়ানরা। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

এতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি দেন।

অধিনায়ক নিকোলাস পুরান দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের দুই পয়েন্টও কাটা গেছে ওয়েস্ট ইন্ডিজের। সুপার লিগের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য কাটা যাবে এক পয়েন্ট।

৮৮ পয়েন্ট নিয়ে সুপার লিগের টেবিলে ৭ নম্বরে আছে ক্যারিবিয়ানরা।

১৭৩ রানের উদ্বোধনী জুটি, কাইল মেয়ার্সের সেঞ্চুরি এবং পুরানের বিস্ফোরক ইনিংসে প্রতিপক্ষকে ৩০২ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কিউই ব্যাটসম্যানদের হিসেবি ব্যাটিংয়ে পেরে ওঠেনি স্বাগতিকরা। চার জনের ফিফটিতে তাদেরকে ৫ উইকেটে হারিয়ে ক্যারিবিয়ায় প্রথমবার ওয়ানডে সিরিজ জিতে নেয় নিউ জিল্যান্ড।