পাকিস্তানকে ১৩৫ রানে গুটিয়ে ইনিংস ব্যবধানে জয় ইংল্যান্ডের
হেডিংলি টেস্ট আড়াই দিনে জিতে সিরিজে এগিয়ে গেল জো রুটের দল।
আবারও ইংল্যান্ডের পেস বোলিংয়ে গুঁড়িয়ে গেল পাকিস্তানের ব্যাটিং। এবার দেড়শ রানও করতে পারল না তারা। আড়াই দিনেই টেস্ট জিতে নিল ইংলিশরা।
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে জো রুটের দ্বিতীয় অধ্যায় শুরু হলো দুর্দান্ত এক জয় দিয়ে। হেডিংলি টেস্ট ইনিংস ও ১০৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
প্রথম দিন ১৭১ রানে অলআউট হওয়া পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৩৫ রানে। একমাত্র ইনিংসে ইংল্যান্ড করে ৪০৯ রান।
প্রথম ইনিংসে ৫টি করে উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের দুই পেসার জশ টাং ও অলি রবিনসন। এবার তাদের চার পেসার মিলে ভাগ করে নিয়েছেন ১০ উইকেট। টাং ও রবিনসনের শিকার এবার ৩টি করে। জফ্রা আর্চারও নিয়েছেন ৩টি, গাস অ্যাটকিনসন একটি।
ম্যাচ-সেরা হন রবিনসন।
হেডিংলিতে সবশেষ ৯টি টেস্টের আটটিতেই জিতল ইংল্যান্ড। এর মধ্যে চারটি জয় ইনিংস ব্যবধানে। মজার ব্যাপার হলো, এই চারটিই এশিয়ান দলগুলোর বিপক্ষে- দুইবার পাকিস্তানের বিপক্ষে, ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে একবার করে।
৮ উইকেটে ৩৬৬ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড যোগ করে আরও ৪৩ রান। লিড পায় তারা ২৩৮ রানের।
পেসারদের জন্য এ দিনও যথেষ্ট সহায়তা ছিল উইকেটে। দুই চার ও এক ছক্কায় ২৫ বলে অপরাজিত ২৩ রানের ক্যামিওর পর বল হাতেও জ্বলে ওঠেন আর্চার। প্রথম ইনিংসে তিনি ছন্দ খুঁজে পাননি। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ছন্দে ফেরেন এই গতিময় পেসার।
নতুন বলে নিজের প্রথম দুই ওভারে দুই ওপেনার ইমাম-উল-হাক ও আজান আওয়াইসকে আউট করেন আর্চার। ইমাম ধরা পড়েন কিপারের গ্লাভসে, স্লিপে ক্যাচ দেন আজান।
জোড়া ধাক্কার পর আবদুল্লাহ শাফিক ও শান মাসুদ প্রতিরোধের চেষ্টা করেন। তবে নিখুঁত লেংথে বল করে শাফিককে ফিরিয়ে লাঞ্চ বিরতির আগেই এই জুটি ভাঙেন রবিনসন।
৩৮ রানের এই জুটিই শেষ পর্যন্ত হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ।
নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। লাঞ্চ বিরতির পর সাউদ শাকিলকে বিদায় করেন টাং। নিজের পরের ওভারে তিনি ফিরিয়ে দেন মাসুদ ও সালমান আলি আগাকে।
রবিনসন পরে টানা দুই ওভারে তুলে নেন আলি উসমান ও খুররাম শাহজাদের উইকেট। মোহাম্মাদ রিজওয়ানের (৩৯ বলে ৪১) প্রতিরোধ ভাঙেন অ্যাটকিনসন। মোহাম্মাদ আব্বাসকে ফিরিয়ে ইনিংস গুটিয়ে দেন আর্চার।
তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ম্যাচের সমাপ্তি। সব মিলিয়ে এই ম্যাচে খেলা হয়েছে মোটে সাত সেশন। দ্বিতীয় দিনের প্রথম সেশন ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
আগামী বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ১৭১
ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৯.৫ ওভারে ৪০৯ (আগের দিন ৩৬৬/৮) (স্মিথ ২৫, আর্চার ২৩*, টাং ৮; আব্বাস ২৫-৫-৭৮-১, শাহজাদ ২১.৫-১-১৩৩-৩, আলি ১৯-২-৮৯-১, উসমান ২৪-১-৯৫-৫)
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৩৭.৩ ওভারে ১৩৫ (আজান ৯, ইমাম ০, মাসুদ ২৯, শাফিক ১৫, শাকিল ১৪, সালমান ৪, রিজওয়ান ৪১, উসমান ৭, শাহজাদ ৮, আব্বাস ৬, আলি ০*; রবিনসন ১১-৩-২৯-৩, আর্চার ১০.৩-১-৫০-৩, অ্যাটকিনসন ৮-৪-১১-১, লরেন্স ১-১-০-০, টাং ৭-০-৪৩-৩)
ফল: ইংল্যান্ড ইনিংস ও ১০৩ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ইংল্যান্ড
ম্যান অব দা ম্যাচ: অলি রবিনসন
