২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহিদুল-সাব্বিরের সেঞ্চুরি, ইফতেখারের ২ রানের আক্ষেপ

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের তৃতীয় দিন তিন অঙ্কের দেখা পেলেন মাহিদুল ইসলাম, সাব্বির হোসেন।

মাহিদুল-সাব্বিরের সেঞ্চুরি, ইফতেখারের ২ রানের আক্ষেপ
ঢাকার ইনিংসে সতীর্থদের ভিড়ে একাই লড়াই করেন মাহিদুল ইসলাম। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 07:27 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

আরিফ আহমেদের বল মিড অনের দিকে ঠেলে ছুটলেন ইফতেখার হোসেন। কিন্তু তিনি অন্য প্রান্তে পৌঁছানোর আগে শামসুর রহমানের থ্রো এলোমেলো করে দিল স্টাম্প। হতাশায় দাঁড়িয়ে রইলেন ইফতেখার। মাত্র ২ রানের জন্য হলো না তার সেঞ্চুরি।

ইফতেখার বেদনায় পুড়লেও জাতীয় ক্রিকেট লিগে সোমবার তিন অঙ্কের স্পর্শ পেয়েছেন মাহিদুল ইসলাম ও সাব্বির হোসেন। বল হাতে ৫ উইকেট নিয়েছেন আশরাফুল ইসলাম। 

মাহিদুলের সেঞ্চুরিতে এগিয়ে ঢাকা

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাকিদের ব্যর্থতার ভিড়ে একাই লড়েছেন মাহিদুল। তার সেঞ্চুরিতে সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে ঢাকা। 

তৃতীয় দিন শেষে ২৬ রানে পিছিয়ে সিলেট। প্রথম ইনিংসে তাদের ১৪৬ রানের জবাবে ঢাকা করে ২২৪ রান। ৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় বার খেলতে নেমে সিলেটের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫২ রান। 

ঢাকার অধিনায়ক মাহিদুল ২৩৩ বলে খেলেন ১১৮ রানের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় শতকছোঁয়া ইনিংসটি সাজান ৮ চারের সঙ্গে ৫টি ছক্কায়।

দলটির আর কেউ ত্রিশ রানও করতে পারেননি। শেষ উইকেটে সালাউদ্দিন শাকিলের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন মাহিদুল। যেখানে সালাউদ্দিনের অবদান ৪ রান।

৪ উইকেট নেন সিলেটের সৈয়দ খালেদ আহমেদ। 

দিনের শেষভাগে ২১ ওভার ব্যাট করে কোনো উইকেট পড়তে দেননি পিনাক ঘোষ ও তৌফিক খান। অবিছিন্ন জুটিতে ৫২ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করবেন সিলেটের দুই ওপেনার।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

সিলেট ১ম ইনিংস: ১৪৬ 

ঢাকা ১ম ইনিংস: ৭৭.১ ওভারে ২২৪ (আগের দিন ৩৮/১) (রনি ২৯, সুমন ১, জয়রাজ ১১, মাহিদুল ১১৮, আরিফুল ২, তাইবুর ৭, রুবেল ২১, নাজমুল ২, এনামুল ০, সালাউদ্দিন ৪*; আবু জায়েদ ১৩-২-৪২-১, খালেদ ১৭.১-১-৬১-৪, তানজিম ১৩-১-২৯-১, নাসুম ২০-৪-৬১-১, রাহাতুল ১২-৪-১৭-৩, আসাদুল্লা ২-১-৪-০)

সিলেট ২য় ইনিংস: ২১ ওভারে ৫২/০ (পিনাক ১৯*, তৌফিক ৩০*; সুমন ৪-০-১১-০, সালাউদ্দিন ৪-১-৭-০, এনামুল ২-০-৭-০, নাজমুল ৬-১-১১-০, তাইবুল ৪-০-১৩-০, আরিফুল ১-০-১-০)

ইফতেখারের লড়াইয়ের পর ফলো-অনে বরিশাল

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে জয়ের ভালো সম্ভাবনা জাগিয়েছে ঢাকা মেট্রো। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে লড়ছে বরিশাল।

মেট্রোর ৪০৮ রানের জবাবে বরিশালের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২১৯ রানে। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ২১ ওভারে ৩২ রান করেছে তারা। 

১৫৭ রানে পিছিয়ে থেকে শেষ দিনে খেলা শুরু করবে বরিশাল।

প্রথম ইনিংসে বরিশালকে দুইশ পার করানোর কারিগর ইফতেখার। ক্যারিয়ার সেরা ইনিংসে ১৭৭ বলে ৯৮ রান করেন ২১ বছর বয়সী ওপেনার। এছাড়া মইন খানের ব্যাট থেকে আসে ৩৫ রান। 

মেট্রোর হয়ে ৫ উইকেট নেন স্বীকৃত ক্রিকেটে প্রথম খেলতে নামা আশরাফুল ইসলাম।  

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৪০৮/৫ (ডি.)

বরিশাল ১ম ইনিংস: ৭৭.৫ ওভারে ২১৯ (আগের দিন ২২/০) (মজিদ ২৩, ইফতেখার ৯৮, ফজলে মাহমুদ ৮, তাসামুল ৫, জসিম ৬, মইন ৩৫, সোহাগ ৯, কামরুল ৭, তানভির ২৬, রুয়েল ১, মহিউদ্দিন ০*; আশরাফুল ১৯.৫-৩-৭৩-৫, আরিফ ২৭-৬-৫৭-২, আইচ ৩-০-১৯-০, মানিক ৭-০-২২-২, শহিদুল ১১-১-১৭-০, আনিসুল ৭-২-২১-০, আমিনুল ৩-০-১০-০)

বরিশাল ২য় ইনিংস: (ফলো-অন) ২১ ওভারে ৩২/০ (মজিদ ১৫*, ইফতেখার ১৩*; শহিদুল ৪-২-৯-০, আরিফ ৭-৪-৭-০, আনিসুল ৪-১-৬-০, আল আমিন ৩-১-২-০, আশরাফুল ২-০-৭-০, শামসুর ১-১-০-০) 

৬ ছক্কায় সাব্বিরের ১৫০

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর হয়ে প্রথম ইনিংসে ঝড় তুলেছিলেন তানজিদ হাসান। দ্বিতীয় ইনিংসে সেই দায়িত্ব পালন করেন আরেক ওপেনার সাব্বির হোসেন। 

সাব্বিরের সেঞ্চুরিতে খুলনার সামনে বিশাল লক্ষ্য দিল রাজশাহী। দ্বিতীয় ইনিংসে জবাবটাও বেশ ভালো দিচ্ছে খুলনা।

প্রথম ইনিংসে ২৩২ রানের লিড পাওয়া রাজশাহী দ্বিতীয়বারে ৬ উইকেটে ২৮৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। ৫১৬ রানের লক্ষ্যে তৃতীয় দিন শেষে কোনো উইকেটে না হারিয়ে খুলনার সংগ্রহ ১২০ রান।

ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে ৭ চার ও ৫ ছক্কায় ১০০ বলে প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন সাব্বির। এরপর আরও ৬টি চারের সঙ্গে মারেন ১টি ছক্কা। সব মিলিয়ে ১৩৯ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১৫০ রান করে থামেন ২৭ বছর বয়সী ওপেনার। 

দলের আর কেউ ত্রিশ রান করতে পারেনি। 

পরে জবাব দিতে নেমে ইতিবাচক শুরু করেন সৌম্য সরকার ও অমিত মজুমদার। ১০ চার ও ২ ছক্কায় ৮০ রানে অপরাজিত সৌম্য। অমিত করেছেন ৩৭ রান। 

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

রাজশাহী ১ম ইনিংস: ৪২৬

খুলনা ১ম ইনিংস: ১৯৪

রাজশাহী ২য় ইনিংস: ৫০ ওভারে ২৮৩/৬ (ডি.) (তানজিদ ১৭, সাব্বির ১৫০, হাবিবুর ১৪, প্রিতম ২৬, ফরহাদ ১৭, শাকির ২৪, মেহেরব ১৮*, সানজামুল ৬*; আল আমিন ৯-১-৬৯-১, জিয়াউর ৭-০-৩২-১, নাহিদুল ১২-২-৬১-২, পারভেজ ৯-০-৫৫-০, হালিম ৬-০-৩১-০, সৌম্য ৭-০-২৬-১)

খুলনা ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৬) ৩৪ ওভারে ১২০/০ (অমিত ৩৭*, সৌম্য ৮০*; শফিকুল ৬-১-৮-০, মোহর ৮-১-২৮-০, মেহেরব ৮-২-১৭-০, আসাদুজ্জামান ৭-০-৩০-০, সাব্বির ১-০-৫-০, সানজামুল ৪-০-৩০-০)

চট্টগ্রামকে গুঁড়িয়ে রংপুরের বড় লিড

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের তৃতীয় দিন মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ২৭৩ রান করা রংপুর পেয়েছে ১৭০ রানের লিড। তাদের সামনে এখন চট্টগ্রামকে ফলো-অন করানোর সুযোগ।

১ উইকেটে ৬৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে রংপুর। সোমবার বাঁহাতি ওপেনার খালিদ হাসান খেলেন ৬০ রানের ইনিংস। হতাশ করেন নাঈম ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, তানবীর হায়দাররা।

সাত নম্বরে নেমে ৫৫ রানে অপরাজিত থাকেন মিম মোসাদ্দেক। অষ্টম উইকেটে রবিউল হককে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন তিনি। রবিউলের ব্যাট থেকে আসে ৩৫ রান।

চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নেন ফাহাদ হোসেন। 

পরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের কেউই টিকতে পারেননি। সর্বোচ্চ ৩৪ রান করেন সাদ্দাম হোসেন। ইয়াসির আলি চৌধুরি, শাহাদাত হোসেনরা হতাশ করেন।

রংপুরের পক্ষে দুইটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, মামুন, রিশাদ হোসেন ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। 

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

রংপুম ১ম ইনিংস: ৫৮ ওভারে ২৭৩/৯ (ডি.) (আগের দিন ৬৯/১) (খালিদ ৬০, অনিক ১, নাঈম ২৬, মামুন ০, তানবীর ৩১, মিম ৫৫*, রিশাদ ২০, রবিউল ৩৫, শরিফুল ৮, মুকিদুল ০*; ফাহাদ ১৬.৩-২-৬২-৪, ইফরান ১০.৩-০-৫০-১, ইয়াসিন ১৩-৩-৬২-০, আশরাফুল ১৩-০-৬৬-১, ইফতেখার ৫-০-২৫-৩)

চট্টগ্রাম ১ম ইনিংস: ৩৭.৫ ওভারে ১০৩ (সাদিকুর ২২, সাব্বির ০, সাদ্দাম ৩৪, শাহাদাত ০, ইয়াসির ১৩, ইরফান ৬, ইফতেখার ১৩, আশরাফুল ৪, ইয়াসিন ৬, ফাহাদ ১, ইফরান ১*; শরিফুল ৮.৫-২-২২-২, মুকিদুল ৭-২-২৪-২, মামুন ৭-০-২২-২, নাঈম ১-০-৪-০, রবিউল ৩-১-৪-০, রিশাদ ৭-০-২৪-২, রিজওয়ান ৪-৩-১-২)