বরিশালকে ‘এক-দুই নম্বরে’ রাখছেন অধিনায়ক
বিপিএলের নতুন আসরে মাঠের খেলা শুরুর আগে কাগজে-কলমে নিজেদের সেরা মানছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
‘আমি জানি প্রথম ম্যাচে কারা খেলবে, তাই ঘুম না হওয়ার কারণ নেই’- হাসতে হাসতে বললেন তামিম ইকবাল। তবে বাস্তবতা হলো, সেরা একাদশ সাজানো নিয়ে ফরচুন বরিশালের ঘুম হারানোর অবস্থা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে তারকার হাট বসিয়েছে তারা। কাকে রেখে কাকে একাদশে খেলাবেন!
তামিমের সঙ্গে শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। এরপর আছেন তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহর মতো ব্যাটসম্যানরা। বোলিংয়ে আছেন রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন। জাতীয় দলের একঝাঁক তারকার সঙ্গে বিদেশিদের মধ্যে আছেন শাহিন শাহ আফ্রিদি, কাইল মেয়ার্স, মোহাম্মদ নাবিরা।
শিরোপা ধরে রাখার অভিযানে সোমবার বিপিএলের নতুন আসর শুরু করবে বরিশাল। গত আসরের মতো এবারও দলের নেতৃত্বে তামিম। দলে নতুন করে যুক্ত হওয়ার তালিকায় শান্ত, হৃদয়, রিশাদের মতো জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা।
চোটের কারণে গত বিপিএল মাঠের বাইরে থাকা ইবাদত এবার দলে ফিরে শক্তি বাড়িয়েছেন আরও। এছাড়া বোলিং বিভাগে আছেন নাঈম হাসান, তানভির ইসলাম, শহিদুল ইসলাম, রিপন মন্ডলদের মতো জাতীয় দলের আশপাশেই থাকা ক্রিকেটাররা।
অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে নির্ভার তামিম। প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বরিশাল অধিনায়ক অবশ্য একটা দুর্ভাবনার কথাও জানিয়ে রাখলেন।
"(কাগজে-কলমে ফরচুন বরিশাল) এক-দুইয়ের মধ্যে বলতেই পারেন! আমরা যেভাবে দল সাজিয়েছি, যতটুকু পেরেছি ঘাটতির জায়গা পূরণ করার চেষ্টা করেছি। চ্যালেঞ্জটা হবে ৭-৮ ম্যাচ পর। তখন খেলোয়াড়রা আসা-যাওয়ার মধ্যে থাকবে। সেটা সব দলের জন্যই। ওই সময় যারা শূন্যস্থান ভালোভাবে পূরণ করতে পারবে তারা এগিয়ে থাকবে।"
তবে কাগজে-কলমে দল যেমনই হোক, মাঠে খেলেই যে পার্থক্য গড়তে হবে তা ভালোভাবেই জানা তামিমের। অন্য দলগুলোকে হালকাভাবে নিতে চান না বরিশাল অধিনায়ক।
"যদি গত আসর দেখেন, আমরা হয়তো তৃতীয় শক্তিশালী দল ছিলাম। কুমিল্লা বা রংপুরের সঙ্গে তুলনা করলে, তারা ভালো দল ছিল। সেখান থেকে আমরা চ্যাম্পিয়ন হই। এ বছরও কয়েকটা দল... তাদের হয়তো বড় তারকা ক্রিকেটার নেই, তবে খুব ভারসাম্যপূর্ণ দল। খেলা শুরু হলে বুঝতে পারব কার শক্তি কতটুকু বা কোন দল কোন জায়গায় আছে। প্রথম রাউন্ডের পর বোঝা যাবে, কোন দলগুলো শিরোপার জন্য লড়বে।"
গত আসরে তামিমের নেতৃত্বেই প্রথমবার চ্যাম্পিয়ন হয় বরিশাল। এবারও একই অভিযানে নামবে তারা। অভিজ্ঞ ব্যাটসম্যান বললেন, শিরোপা ধরে রাখার চেয়ে গত আসরের চাপই বেশি মনে হয়েছে তারা।
"গতবার অবশ্যই একটু বেশি চাপে ছিলাম। কারণ আমরা সবসময় বাদ পড়া থেকে এক ম্যাচ দূরে ছিলাম। ওই চাপটা অন্যরকম ছিলো। আপনি দুনিয়ার সেরা দল বানাতে পারেন কিন্তু চ্যাম্পিয়ন নাও হতে পারেন। চ্যাম্পিয়ন হওয়া এমন একটা জিনিস যেটা ওপর থেকে আসে, কপাল থাকতে হয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে ওখানে পৌছানোর জন্য।"
