বুমরাহর ছোবলে বিধ্বস্ত দ.আফ্রিকার ব্যাটিং
ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে গেছে সফরকারীরা।
ইনিংসের শুরুতে ও শেষে প্রতিপক্ষ শিবিরে আঘাত হানলেন জাসপ্রিত বুমরাহ। মাঝে ছোবল দিলেন কুলদিপ ইয়াদাভ ও মোহাম্মদ সিরাজ। তাদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে অল্পে গুটিয়ে দিল ভারত।
কলকাতা টেস্টে শুক্রবার প্রোটিয়াদের প্রথম ইনিংস ১৫৯ রানে গুঁড়িয়ে ব্যাটিং করছে ভারত। ইয়াশাসভি জয়সওয়ালকে হারিয়ে ৩৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে তারা। আর ১২২ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
ঘাসের ছোঁয়া থাকা উইকেটে দুর্দান্ত বোলিংয়ে ২৭ রান খরচায় ৫ উইকেট নেন বুমরাহ। টেস্ট ইনিংসে এটি তারকা পেসারের ষোড়শ পাঁচ উইকেট।
প্রায় ৬ বছর পর ভারতের মাটিতে টেস্টের প্রথম দিন পাঁচ উইকেটের স্বাদ পেলেন কোনো পেসার। ২০১৯ সালে এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের (দিবা-রাত্রি) টেস্টের প্রথম দিন পাঁচ শিকার ধরেছিলেন ইশান্ত শার্মা।
লাল বলের টেস্টে আরও লম্বা সময় পর কোনো পেসার এই কীর্তি গড়লেন। ২০০৮ সালে আহমেদাবাদ টেস্টের প্রথম দিন পাঁচ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।
ইডেন গার্ডেন্সে এদিন দুটি করে উইকেট নেন পেসার সিরাজ ও বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ। অন্য উইকেটটি নেন আকসার প্যাটেল।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে ফিফটি নেই একটিও। ৩০ রান পার করতে পারেন কেবল এইডেন মার্করাম, ১ ছক্কা ও ৫ চারে করেন ৩১।
অথচ টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয়েছিল তাদের। ১০ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলে ফেলেছিল তারা। কিন্তু এরপর ১০২ রানে হারিয়ে ফেলে তারা সবকটি উইকেট।
একাদশ ওভারে চমৎকার এক ডেলিভারিতে রায়ান রিকেলটনের (৪টি চারে ২৩) স্টাম্প ভেঙে উদ্বোধনী জুটিতে ফাটল ধরান বুমরাহ। নিজের পরের ওভারে আরেক ওপেনার মার্করামকে কট বিহাইন্ড করে দেন তিনি।
টেম্বা বাভুমাকে দুই অঙ্কেই জেতে দেননি কুলদিপ। স্লিপে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের ক্যাচ ধরেন ধ্রুব জুরেল। ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি ভিয়ান মুল্ডার ও টনি ডি জর্জি। চার বলের মধ্যে কাইল ভেরেইনা ও মার্কো ইয়ানসেনকে ফিরিয়ে দেন সিরাজ।
এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখেন ট্রিস্টান স্টাবস। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। সাইমন হার্মারকে বোল্ড করার দুই বল পর কেশাভ মহারাজকে এলবিডব্লিউ করে পাঁচ উইকেট পূর্ণ করেন বুমরাহ।
৩৯ রানে শেষ ৬ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। সপ্তম ওভারে জয়সওয়ালকে বোল্ড করে দেন ইয়ানসেন। এরপর বাকি সময় নিরাপদে কাটিয়ে দেন লোকেশ রাহুল ও ওয়াশিংটন সুন্দার।
পাঁজরে চোট পাওয়ায় এই ম্যাচে দলের বোলিং বিভাগের সেরা অস্ত্র কাগিসো রাবাদাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৫ ওভারে ১৫৯ (মার্করাম ৩১, রিকেলটন ২৩, মুল্ডার ২৪, বাভুমা ৩, ডি জর্জি ২৪, স্টাবস ১৫*, ভেরেইনা ১৬, ইয়ানসেন ০, বশ ৩, হার্মার ৫, মহারাজ ০; বুমরাহ ১৪-৫-২৭-৫, সিরাজ ১২-০-৪৭-২, আকসার ৬-২-২১-১, কুলদিপ ১৪-১-৩৬-২, জাদেজা ৮-২-১৩-০, ওয়াশিংটন ১-০-৩-০)
ভারত ১ম ইনিংস: ২০ ওভারে ৩৭/১ (জয়সওয়াল ১২, রাহুল ১৩*, ওয়াশিংটন ৬*; ইয়ানসেন ৬-২-১১-১, মুল্ডার ৫-১-১৫-০, মহারাজ ৫-১-৮-০, বশ ৩-২-১-০, হার্মার ১-১-০-০)
