২ বছর পর ফিরে পাডিক্কালের সেঞ্চুরি, দাপুটে দিন ভারতের
টপ অর্ডার এই ব্যাটসম্যানের প্রথম টেস্ট সেঞ্চুরি ও লোকেশ রাহুলের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিন সফরকারীদের।
সাই সুদার্শান চোটে ছিটকে না গেলে হয়তো একাদশে জায়গা হতো না দেবদুত পাডিক্কালের। দুই বছর পর, টেস্ট খেলার সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। চমৎকার ব্যাটিংয়ে অপরাজিত সেঞ্চুরিতে দিন শেষ করলেন তিনি। সঙ্গে লোকেশ রাহুলের কার্যকর ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটি দিন কাটাল ভারত।
গল টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে ভারতের রান ২ উইকেটে ২৮৮।
ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা পাডিক্কাল ব্যাটিং করছেন ১৩১ রানে। এই সংস্করণে তার প্রথম তিন অঙ্ক ছোঁয়া ইনিংসটি সাজানো একটি ছক্কা ও ১২টি চারে। ২০২৪ সালের নভেম্বরে আগের টেস্টটি খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
পাডিক্কালের সঙ্গে ১৫০ রানের জুটিতে দলকে শক্ত ভিত গড়ে দিয়েছেন রাহুল। একটি ছক্কা ও ৯টি চারে ৭৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
দেশের স্বাধীনতা দিবসের দিন নিজেদের টেস্ট ইতিহাসের ৬০০তম ম্যাচ খেলতে নামে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে একাদশ ওভারে ফিরে যান আত্মবিশ্বাসী শুরু করা ইয়াশাসভি জয়সওয়াল। ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন তিনি ৫ চারে ৩২ রান করে। ভাঙে ৪৭ রানের শুরুর জুটি
ক্রিজে গিয়েই প্রথম বলে চার মেরে রানের খাতা খোলেন পাডিক্কাল। কিছুক্ষণ পর হাঁকান ছক্কা। আরেক প্রান্তে ধৈর্যশীল ব্যাটিং করেন রাহুল। লাঞ্চ বিরতির আগে নামে বৃষ্টি। দুই ঘণ্টা পর শুরু হয় দ্বিতীয় সেশন।
৮১ বলে ফিফটি স্পর্শ করেন পাডিক্কাল। কয়েক ওভার পর পঞ্চাশে পা রাখেন রাহুলও, ১২৭ বলে। দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় সেশন কাটিয়ে দেন দুইজন। ক্র্যাম্পের কারণে তৃতীয় সেশনে আর ব্যাটিংয়ে নামেননি রাহুল।
শেষ সেশনের তৃতীয় ওভারে টানা দুটি চার মেরে নব্বইয়ের ঘরে পৌঁছে যান পাডিক্কাল। পরের ওভারে সিঙ্গল নিয়ে কাঙ্ক্ষিত তিন অঙ্কের ঠিকানায় পা রাখেন তিনি। একবিংশ শতাব্দীতে তিন নম্বরে সেঞ্চুরি পাওয়া ভারতের দ্বিতীয় বাঁহাতি ব্যাটসম্যান পাডিক্কাল। ২০০২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন সৌরভ গাঙ্গুলি।
ভারত অধিনায়ক শুবমান গিলকে টিকতে দেননি প্রাবাথ জায়াসুরিয়া। মিড-অফে সহজ ক্যাচ দিয়ে ১৬ রান করে ফেরেন গিল। কিছুক্ষণ পর আরেক দফায় হানা দেয় বৃষ্টি।
পরে খেলা শুরু হলে দিনের বাকিটা সময় নিরাপদে কাটিয়ে দেন পাডিক্কাল ও রিশাভ পান্ত। একটি ছক্কা ও তিনটি চারে ২৭ রানে খেলছেন ভারতের কিপার-ব্যাটসম্যান পান্ত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৭৩ ওভারে ২৮৮/২ (জয়সওয়াল ৩২, রাহুল ৭৭ রিটায়ার্ড হার্ট, পাডিক্কাল ১৩১*, গিল ১৬, পান্ত ২৭*; আসিথা ১০-১-২৮-০, কুমারা ১০-১-৫১-০, নুওয়ান্থা ২১-০-৯৮-০, জায়াসুরিয়া ২৪-৪-৭৭-১, ধানাঞ্জায়া ৪-০-১৫-০, দিনুশা ৪-০-১৭-০)
