২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শেষবারের মতো সিডনিকে বিদায়’, রোহিতের পোস্ট ঘিরে জল্পনা

সামাজিক মাধ্যমে রহস্যময় পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক।

‘শেষবারের মতো সিডনিকে বিদায়’, রোহিতের পোস্ট ঘিরে জল্পনা
এই ছবি দিয়ে ওই পোস্টটি করেছেন রোহিত

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 09:21 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার আগে সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ এক পোস্ট দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শার্মা, যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানানোর পর এখন শুধু ওয়ানডেতেই খেলছেন রোহিত। গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই প্রথমবার ভারতের জার্সিতে খেলতে নামেন তিনি। এই সিরিজের আগে তিনি হারান নেতৃত্ব। 

৩৮ বছর বয়সী ব্যাটসম্যান কতদিন খেলবেন কিংবা ২০২৭ বিশ্বকাপে খেলবেন কি-না, এসব নিয়ে ভারতীয় ক্রিকেটে তুমুল আলোচনা চলছে কয়েক মাস ধরেই। অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে তিনি কেমন করেন, সেটি নিয়েও সবার আগ্রহ ছিল প্রবল। 

প্রথম ম্যাচে ৮ রানে আউট হলেও, পরের দুই ম্যাচে দারুণ করেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৯৭ বলে করেন ৭৩। তৃতীয় ম্যাচে ১২৫ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলে দলের জয়ের নায়ক তিনিই। ম্যাচ-সেরার পাশাপাশি সিরিজ-সেরার স্বীকৃতিও পান এই ওপেনার। ভারত যদিও সিরিজ হেরে যায় ২-১ ব্যবধানে।   

দেশে ফেরার আগে রোববার সিডনির বিমানবন্দরে নিজের একটি ছবি দিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ রোহিত লিখেছেন, ‘শেষবারের মতো সিডনি থেকে বিদায় নিচ্ছি।’

ছোট্ট এই বাক্যটিই জল্পনা ছড়িয়েছে যে, তিনি কি তাহলে অস্ট্রেলিয়ায় শেষবারের মতো খেললেন নাকি এই বার্তার ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো ইঙ্গিত?