২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪১২ রান তাড়ায় দারুণ জয়ে রাহুলের অপরাজিত ১৭৬

সেঞ্চুরি করেছেন সাই সুদার্শানও, রান তাড়ার রেকর্ড গড়ে জিতেছে দল।

৪১২ রান তাড়ায় দারুণ জয়ে রাহুলের অপরাজিত ১৭৬
লোকেশ রাহুলের ব্যাটে আরেকটি সেঞ্চুরি। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 06:55 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

লাল বলের ক্রিকেটে লোকেশ রাহুলের ব্যাটে রানের জোয়ার চলছেই। ইংল্যান্ড সফরের দারুণ ফর্ম ঘরের মাঠে টেনে নিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে রান তাড়ায় দেড়শ ছাড়ানো দুর্দান্ত ইনিংস খেললেন এই তারকা ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল ভারত ‘এ’ দল।

লাক্ষ্নৌতে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ২১০ বলে ১৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রাহুল। ৪১২ রানের লক্ষ্য তাড়ায় স্বাগতিকরা জিতেছে ৫ উইকেটে।

‘এ’ দলগুলোর ম্যাচে এই প্রথম চারশ রান তাড়ায় জিততে পারল কেউ। এর আগে সর্বোচ্চ ৩৬৭ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া ‘এ’ দল জিতেছিল ২০২২ সালে, হাম্বানটোটায় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে। 

২০০৬ সালে অ্যান্টিগায় ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৩৬৫ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। সমান রান তাড়ায় ২০২৩ সালে লিঙ্কনে নিউ জিল্যান্ড ‘এ’ দল জিতেছিল অস্ট্রেলিয়া ‘এ দলের বিপক্ষে।

ম্যাচের শেষ দিন শুক্রবার ভারত ‘এ’ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪৩ রান। ২ উইকেটে ১৬৯ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে তারা। 

আগের দিন ৯২ বলে ৭৪ রান করে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছেড়েছিলেন রাহুল। শেষ দিনের শুরুতে মানাভ সুথারের বিদায়ের পর আবার তিনি ব্যাটিংয়ে নামেন। সেঞ্চুরি পূর্ণ করেন ১৩৬ বলে। এ দিন সেঞ্চুরি করেন সাই সুদার্শানও। ঠিক ১০০ রান করে আউট হয়ে যান তিনি।

দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাহুল। ১৬ চার ও ৪ ছক্কায় গড়া তার ১৭৬ রানের ইনিংস। গত প্রায় ৯ বছরের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে তার প্রথম দেড়শ ছোঁয়া ইনিংস এটি। সবশেষ ২০১৬ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৯৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি, যা তার সর্বোচ্চ টেস্ট ইনিংস।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে রাহুলের সেঞ্চুরি হলো ২২টি। গত জুন-জুলাইয়ে ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে তিনি সেঞ্চুরি করেছিলেন দুটি, একটিতে আউট হয়েছিলেন ৯০ রানে। পঞ্চাশ ছোঁয়া ইনিংস ছিল আরও একটি।

তারপর প্রথমবার কোনো ম্যাচ খেলতে নেমেই এবারের এই দেড়শ ছাড়ানো ইনিংস। এতে আরেকটি টেস্ট সিরিজের আগে প্রস্তুতিটাও বেশ ভালো হলো ৩৩ বছর বয়সী ব্যাটসম্যানের।  

আহমেদাবাদে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২ অক্টোবর।