Published : 20 Aug 2025, 05:57 PM
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন অ্যাডাম জ্যাম্পা। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনারকে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
কেয়ার্নসে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৭তম ওভারে জ্যাম্পার বোলিংয়ের সময় ওভারথ্রোয়ের পর তিনি অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন, যা ধরা পড়ে স্টাম্প মাইকে।
আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য পরদিন সংবাদ বিজ্ঞপ্তিতে তার শাস্তির কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন জ্যাম্পা। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচটিতে ১০ ওভার বোলিং করে ৫৮ রানে একটি উইকেট পান ৩৩ বছর বয়সী জ্যাম্পা। ২৯৭ রানের লক্ষ্য তাড়ায় ৯৮ রানে হেরে যায় অস্ট্রেলিয়া।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে আগামী শুক্রবার।