১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যাশেজের আগে উডকে নিয়ে ইংল্যান্ডের দুর্ভাবনা

হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছেন গতিময় এই ইংলিশ পেসার।

অ্যাশেজের আগে উডকে নিয়ে ইংল্যান্ডের দুর্ভাবনা
ইংলিশ গতিময় পেসার মার্ক উড। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 04:11 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রস্তুতি পর্ব ইংল্যান্ডের জন্য বয়ে এনেছে দুর্ভাবনা। ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলার সময় পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন মার্ক উড। তাই তাকে নিয়ে উঁকি দিচ্ছে শঙ্কা।

আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে এবারের অ্যাশেজ। হাইভোল্টেজ সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা।

পার্থে বৃহস্পতিবার শুরু হওয়া সেই ম্যাচের প্রথম দিনের দ্বিতীয় সেশনে মাঠ ছেড়ে যান উড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিবৃতিতে জানায়, বাঁ হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছেন উড। ‘সতর্কতার অংশ’ হিসেবে শুক্রবার তার স্ক্যান করানো হবে।

মাঠ ছাড়ার আগে চার ওভারের দুই স্পেল বোলিং করেন উড। ইসিবি জানিয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এদিন ৮ ওভারই বোলিং করার কথা ছিল অভিজ্ঞ পেসারের। আগামী শনিবার প্রস্তুতি ম্যাচটির শেষ দিন তাকে পাওয়ার আশা করছে ইংলিশরা।

গত ফেব্রুয়ারিতে হাঁটুতে চোট পাওয়ার পর এই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো ম্যাচ খেলছেন উড। কিন্তু মাঠে ফেরার দিনই আবার সমস্যায় পড়লেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার।

২০২৪ সালের অগাস্টে সবশেষ টেস্ট খেলেন উড। এই সংস্করণে ৩৭ ম্যাচে ১১৯ উইকেট তার নামের পাশে। ইনিংসে ৫ উইকেট পেয়েছেন পাঁচবার।

অ্যাশেজ শুরুর আগে বল হাতে প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছে বেন স্টোকসের। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ১৬ ওভার বোলিং করেন ইংলিশ টেস্ট অধিনায়ক। ৫২ রান দিয়ে ধরেন ৬ শিকার।

জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জশ টং ও জো রুট পান একটি করে উইকেট।