২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে কাজ করা জুলিয়ান উড শ্রীলঙ্কার ব্যাটিং কোচ

এর আগে একবার এক সপ্তাহ কাজ করা ইংলিশ কোচকে এবার এক বছরের জন্য নিয়োগ দিল শ্রীলঙ্কা ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 10:30 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

কোচিং স্টাফে নতুন সদস্য যোগ করেছে শ্রীলঙ্কা। ‘পাওয়ার হিটিং কোচ’ হিসেবে পরিচিত জুলিয়ান উডকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

৫৬ বছর বয়সী ইংলিশ কোচ উডকে এক বছরের জন্য নেওয়ার কথা শনিবার জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হয়েছে তার চুক্তির মেয়াদ।

মাস দুয়েক আগে বাংলাদেশে কাজ করে গেছেন জুলিয়ান উড। এশিয়া কাপকে নজরে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে চার সপ্তাহের জন্য এনেছিল। এই সময়ে লিটন দাস, জাকের আলিদের পাওয়ার হিটিং শিখিয়েছেন তিনি। মেয়েদের দলের সঙ্গেও ছোট্ট একটি সেশন করেছেন এই কোচ।

চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কায় একটি বিশেষ ক্যাম্প পরিচালনা করেছিলেন উড। এবার এক বছরের জন্য হয়ে গেলেন লঙ্কান ব্যাটিং কোচ।

২০২২ বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে গেছেন উড। পরের বিপিএলে ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। বিশ্বের আরও বিভিন্ন লিগে এবং বিশ্বজুড়ে অনেক ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগতভাবেও কাজ করেছেন পাওয়ার হিটিং নিয়ে।