২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিভেন স্মিথ ৯৯৯৯

১০ হাজার টেস্ট রান থেকে ১ রানের দূরত্বে ভারতের বিপক্ষে সিরিজ শেষ করলেন স্টিভেন স্মিথ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 09:42 AM

Updated : 26 Aug 2026, 11:17 AM

অফ স্টাম্পের বাইরের লেংথ বল পয়েন্টে পাঠিয়ে দুটি রান। স্টিভেন স্মিথের টেস্ট রান হয়ে গেল ৯ হাজার ৯৯৯। অপেক্ষা তখন মাইলফলক ছোঁয়ার। ঘরের ছেলেকে অভিনন্দন জানানোর প্রস্তুতি নিচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারি। কিন্তু পরের ডেলিভারিতেই ‘অ্যান্টি-ক্লাইম্যাক্স।’ স্মিথ আউট!

উইকেট এমনিতেই অসম বাউন্সের। প্রাসিধ কৃষ্ণার ডেলিভারিটি লেংথ থেকে আচমকা লাফিয়ে ছোবল বাড়াল স্মিথের দিকে। তিনি সামলাতে পারলেন না ঠিকঠাক। গালিতে ডাইভিং ক্যাচ নিলেন ইয়াসাসভি জয়সওয়াল। ১০ হাজার  থেকে ১ রানের দূরত্বে বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ করলেন স্মিথ।

ঠিক ৯ হাজার ৯৯৯ রানে কোনো টেস্ট শেষ করা ব্যাটসম্যান আগে ছিলেন একজনই। ২০১১ সালেদক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই অভিজ্ঞতা হয়েছিল মাহেলা জায়াওয়ার্দেনের। এছাড়া ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ হাজার ৯৯৩ রান নিয়ে টেস্ট শেষ করেছিলেন ব্রায়ান লারা। 

১০ হাজার থেকে ৩৮ রান পেছনে ভারতের বিপক্ষে এই সিডনি টেস্ট শুরু করেছিলেন স্মিথ। আগের দুই টেস্টে দুটি সেঞ্চুরি করা ব্যাটসম্যান প্রথম ইনিংসে দারুণ শুরু করেছিলেন। কিন্তু আউট হয়ে যান ৩৩ রানে। দ্বিতীয় ইনিংসে প্রয়োজন পড়ে কেবল ৫ রানের। এবার তার ইনিংস শেষ ৪ রানে।

মাইলফলকটি স্পর্শ করতে তাই এই মাসের শেষ শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে স্মিথকে। সব ঠিক থাকলে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করা পঞ্চদশ ব্যাটসম্যান হবেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত এই সীমানা পেরিয়েছেন কেবল তিনজন-রিকি পন্টিং, অ্যালান বোর্ডার ও স্টিভ ওয়াহ। 

টেস্টে সাত হাজার ও আট হাজার রানে স্মিথ ছিলেন ইতিহাসের দ্রুততম, ৯ হাজারে ছিলেন দ্বিতীয় দ্রুততম। ১০ হাজার ছোঁয়ায় তিনি আরেকটু পেছনে পড়ে যাচ্ছেন। ১৯৫ ইনিংসে ১০ হাজারে পা রেখে রেকর্ডটি যৌথভাবে ব্রায়ান লারা, সাচিন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার। রিকি পন্টিং করেছেন ১৯৬ ইনিংসে।

স্মিথ এখন খেলেছেন ২০৪ ইনিংস। তার সুযোগ এখনও আছে তৃতীয় দ্রুততম হওয়ার। ২০৬ ইনিংসে ছুঁয়েছেন রাহুল দ্রাবিড়।