২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাওয়ালপিন্ডি থেকে সিলেট, লিটনকে মনে রাখবেই পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর অসাধারণ সেঞ্চুরি করেছিলেন লিটন কুমার দাস, এবার সিলেটে ১১৬ রানে ৬ উইকেট হারানোর পরও উপহার দিলেন স্মরণীয় সেঞ্চুরি।

বিডিনিউজ২৪

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 07:05 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

লং অন ও লং অফের ফিল্ডার ছিল বেশ কাছাকাছি এবং উইকেটের অনেকটা সোজাসুজি। ক্রিজ ছেড়ে বেরিয়ে একদম বোলারের মাথার ওপর দিয়ে বল পাঠালেন লিটন কুমার দাস। কাছাকাছি থাকা ওই দুই ফিল্ডারও কিছু করতে পারলেন না। পরের বলে তিনি করলেন সজোরে সুইপ। মিড উইকেটে খুব কাছাকাছি ছিলেন দুজন ফিল্ডার। তারা পারলেন না বলের কাছে যেতে।

সাজিদ খানের বলে এই বাউন্ডারি দুটি কেবল নমুনা। ইনিংসজুড়েই লিটনের মাথা কাজ করল যেন কম্পিউটারের মতো। লোয়ার অর্ডারদের নিয়ে নিখুঁতভাবে সাজালেন ইনিংস। তার ব্যাট কখনও হয়ে উঠল তলোয়ার, কখনও ঢাল। কখনও কচুকাটা করলেন বোলারদের, কখনও বুক চিতিয়ে আটকে দিলেন সব আক্রমণ। তার সেই বীরত্বের স্বাক্ষী হয়ে থাকল সিলেটের ২২ গজ আর প্রমাণ ফুটে উঠল স্কোরবোর্ডে। যেখানে তার নামের পাশে জ্বলজ্বল করছে ১৫৯ বলে ১২৬।

সিলেট টেস্টের প্রথম দিনে অসাধারণ এক ইনিংসে বিপর্যয় থেকে দলকে উদ্ধার করলেন লিটন।

তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি এটি। তিনটিই করলেন পাকিস্তানের বিপক্ষে। 

এর মধ্যে তার আগের সেঞ্চুরিটিই ভোলার কথা নয় পাকিস্তানের। ২০২৪ সালে রাওয়াপিন্ডিতে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর তিনি খেলেছিলেন ১৩৮ রানের ইনিংস। এবার সিলেটে ততটা বিধ্বস্ত না হলেও দল ছিল ঘোর বিপদে। অন্য প্রান্তে শেষ স্বীকৃত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ যখন আউট হন, বাংলাদেশের রান তখন ৬ উইকেটে ১১৬।

লিটনের রান তখন মোটে ২।

সেখান থেকেই শুরু হয় লোয়ার অর্ডারদের নিয়ে তার লড়াই। সেই লড়াইয়ে মিশে ছিল স্কিল, টেম্পারমেন্ট, শৌর্য, বুদ্ধিমত্তা ও পরিপক্কতা।

তাকে দারুণভাবে সহায়তা করেছেন অন্যরা, যাদের মূল কাজ বোলিং। ব্যাটিং অর্ডারে তাদের পরিচয় লেজের ব্যাটসম্যান। এই দলের লেজ একটু বেশিই লম্বা। সেই লেজের ঝাপটাতেই পাকিস্তানি বোলাররা হিমশিত খেলেন। লিটন পেলেন ভরসা।

সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে তার জুটি ৬০ রানের, তখনও পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ জুটি। পরে তা ছাড়িয়ে গেল নবম উইকেটে শরিফুল ইসলামের সঙ্গে তার বন্ধন। এবার জুটি ৬৪ রানে। মাঝে অষ্টম জুটিতে তাসকিন আহমেদের সঙ্গে ৩৮ রান। 

খেলাটা এক পর্যায়ে হয়ে উঠেছিল দাবার মতো। স্কিলের পাশাপাশি লড়াইটি ছিল মস্তিষ্কের। তিনি স্ট্রাইকে এলেই সব ফিল্ডার ছড়িয়ে রাখা হয় সীমানায়। লোয়ার অর্ডারদের আগলে রাখা, নিজের উইকেট ধরে রাখা, স্ট্রাইকে টিকে থাকা, সবকিছুর পাশাপাশি দ্রুত রান তোলার কাজটিও করেছেন দারুণভাবে।। সীমানায় কাছাকাছি থাকা ফিল্ডারদের ফাঁক গলে বল পাঠিয়েনে বাউন্ডারিতে, ঠিক যেভাবে দক্ষ একজন শল্যবিদ নিজের কাজ করেন সুনিপুণভাবে।

বাউন্সারের পর বাউন্সার দেওয়া হয়েছে তাকে। তিনি কখনও ছেড়েছেন, কখনও চাবুকের মতো ব্যাট চালিয়েছেন। স্পি বড় শটের লোভ সামলেছেন, আবার সুযোগমতো কাজেও লাগিয়েছেন।

৮৩ থেকে সাজিদ খানের বলে ওই দুটি বাউন্ডারিতে পা রেখেছেন নব্বইয়ে। খুররাম শাহজাদের বলে ফ্লিক করে বাউন্ডারিতে এগিয়েছেন শতরানের দিকে। 

কিন্তু শতরানের তার অপেক্ষা দীর্ঘায়িত হয় ননা নাটকীয়তায়।

৯৮ থেকে সাজিদের বল কাভারে পাঠিয়ে দুটি রান নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এক রানেই থামতে হয়। ওই ওভারেই শরিফুলকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। উইকেট বাকি তখন একটি!

তবে রিভিউ নিয়ে টিকে যান শরিফুল। ওই ওভারটিও কাটিয়ে দেন নিরাপদে। কিন্তু ওভার শেষেই আসে পানি পানের বিরতি!

অবশেষে বিরতির পর খুররাম শাহজাদের বলে নান্দনিক কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে পৌঁছে যান শতরানে। পরের বলেই বিশাল ছক্কায় দলের রান ছাড়িয়ে নিয়ে যান আড়াইশ।

পরে আরও কয়েকটি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। ছক্কার চেষ্টাতে ইনিংস থামে ১২৬ রানে।

পাকিস্তানের বিপক্ষে তার প্রথম সেঞ্চুরি ছিল যেটি, সেখানেই দল ছিল বিপদে। ২০২১ সালে চট্টগ্রামে ৪৯ রানে ৪ উইকেট হারানোর পর ক্রিজে গিয়েছিলেন তিনি। ডাবল সেঞ্চুরি জুটিতে তার সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম।

২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ১৬৫ রানের জুটি গড়েছিলেন তিনি মেহেদী হাসান মিরাজের সঙ্গে।

এবার মুশফিক-মিরাজরা পারেননি সঙ্গ দিতে। তবু থামানো যায়নি লিটনকে।

এই লিটনকে কী আর ভুলতে পারবে পাকিস্তান!