ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান
এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে আট বছর পর দ্বিতীয় টেস্ট খেলতে যাচ্ছে আফগানরা।
বহুদলীয় টুর্নামেন্ট ছাড়া ভারতের বিপক্ষে ওয়ানডে খেলা হয় না আফগানিস্তানের। তবে এবার, প্রথমবারের মতো এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে এই সংস্করণের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে তারা।
আগামী জুনে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টেস্ট খেলবে আফগানরা। নিউ চান্ডিগাড়ে ৬ জুন শুরু হবে টেস্ট ম্যাচটি। এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।
আট বছর পর ভারতের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান। ২০১৮ সালে দলটির বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ২৬২ রানে হেরেছিল তারা।
ওয়ানডে ম্যাচ তিনটি হবে ১৪, ১৭ ও ২০ জুন; ধারামসালা, লাক্ষ্ণৌ ও চেন্নাইয়ে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে ভারত। এর আগে আইপিএলে ব্যস্ত থাকবেন দেশটির ক্রিকেটাররা। আইপিএল শেষের সপ্তাহখানেক পরই শুরু হবে এই সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। মুম্বাইয়ে বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া আফগানিস্তান এই মার্চেই খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
