২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল হারের পর দক্ষিণ আফ্রিকার শাস্তি

ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রানে হারের পর জরিমানাও গুনতে হচ্ছে প্রোটিয়াদের।

বিশাল হারের পর দক্ষিণ আফ্রিকার শাস্তি
ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে টেম্বা বাভুমা, রায়ান রিকেলটনদের। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 04:09 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

মরার ওপর খাঁড়ার ঘা বুঝি একেই বলে! ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে হারের পর শাস্তিও পেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। মন্থর ওভার রেটের কারণে দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসি সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকার শাস্তির কথা জানায়। বলা হয়, সাউথ্যাম্পটনে রোববারের ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছে তারা।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি এক ওভার কম করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটিতে ইংল্যান্ডের ৪১৪ রানের জবাবে স্রেফ ৭২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এই সংস্করণে যা তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। আর তাদের ৩৪২ রানের হার ওয়ানডে ইতিহাসে রানের হিসেবে কোনো দলের সবচেয়ে বড় পরাজয়।

দক্ষিণ আফ্রিকা সিরিজ জয় নিশ্চিত করে অবশ্য প্রথম দুই ম্যাচ জিতে। ২৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে তাদের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয় এটি।