ফেরার টেস্টে দারুণ খেলেও সাদমানের ৭ রানের আক্ষেপ
২৯ মাস পর টেস্ট খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন বাংলাদেশের এই ওপেনার, তবে আউট হয়ে গেছেন সেঞ্চুরির কাছে গিয়ে।
লাঞ্চের আগে শেষ বলে দারুণ এক পুল শটে পঞ্চাশে পা রাখলেন সাদমান ইসলাম। ধারাভাষ্য কক্ষে আমির সোহেলের কণ্ঠে তার উচ্ছ্বসিত প্রশংসা, “ইনিংস অব দা হাইয়েস্ট ক্যালিবার…ভালো লাগার সব উপাদানই ছিল তার ব্যাটিংয়ে।” সেই সাদমান লাঞ্চের পরও মেলে ধরলেন আরও আত্মবিশ্বাসী ব্যাটিং। কিন্তু চা বিরতির ঠিক আগের বলে যখন বোল্ড হয়ে গেলেন, শতরান থেকে তার দূরত্ব তখন কেবল ৭ রানের।
মাহমুদুল হাসান জয় ফিট থাকলে সাদমান এই টেস্টে খেলতে পারতেন কি না, সেই প্রশ্ন তোলাই যায়। তবে ব্যাট হাতে অনেক প্রশ্নেরই জবাব দিলেন ২৯ বছর বয়সী ওপেনার। প্রায় আড়াই বছর পর টেস্ট খেলতে নেমে উপহার দিলেন দুর্দান্ত এক লড়িয়ে ইনিংস।
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ৯৩ রান করে মোহাম্মদ আলির বলে বোল্ড হন সাদমান।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলে শুরু হওয়া টেস্ট ক্যারিয়ার থমকে ছিল অনেক দিন ধরেই। এবারের আগে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি ২০২২ সালের মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে। প্রথম টেস্টে ডারবানে ৯ ও ০ রানে আউট হওয়ার পর একাদশে জায়গা হারান। পরে বাদ পড়েন স্কোয়াড থেকেও।
এরপরও চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে। ঘরোয়া ক্রিকেটে কখনও ভালো করেছেন, কখনও খারাপ। বাংলাদেশ ‘এ’ দলে খেলেছেন। টেস্ট দলেও ডাক পেয়েছেন। কিন্তু ম্যাচ খেলা হয়নি। এই পাকিস্তান সফরের ঠিক আগে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করে এসেছেন।
এইচপি দল মূলত গড়া হয় উঠতি ক্রিকেটারদের নিয়ে। ১৩ টেস্টের অভিজ্ঞ সাদমানের এমনিতে সেখানে থাকার কথা নয়। তবে এই পাকিস্তান সফরে চোখ রেখেই তাকে সুযোগ দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া সফরে। পাকিস্তান শাহিনসের বিপক্ষে সেখানে প্রথম চার দিনের ম্যাচে ৮৮ রানের ইনিংস খেলেন তিনি।
পাকিস্তান শাহিনস বা ‘এ’ দলের সেই ম্যাচে খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলির বোলিং খেলেছেন সাদমান। এছাড়াও আক্রমণে ছিলেন আরেক আন্তর্জাতিক পেসার শাহনাওয়াজ দাহানি। সেই ইনিংস নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস জুগিয়েছে তাকে। এই রাওয়ালপিন্ডি টেস্টেও শাহজাদ, আলি, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির মতো পেসারদের বেশ স্বচ্ছন্দে তিনি খেলেছেন।
তৃতীয় দিনে উইকেট দারুণ ব্যাটিং সহায়ক হয়ে ওঠে। সাদমানও দারুণ ধৈর্য্য ও শৃঙ্খলায় গড়ে তোলেন নিজের ইনিংস। আলগা শট খেলতে খুব একটা দেখা যায়নি তাকে। দারুণ আঁটসাঁট ছিলেন অফ স্টাম্প ঘেঁষা বা বাইরের বলে। সাবলিল ব্যাটিং করেছেন, বল ছেড়েছেন আস্থায় এবং শট খেলার বল নির্বাচন ছিল দারুণ।
১২৩ বল খেলে তিনি পূর্ণ করেন ফিফটি। ফিফটির পর তার ইনিংসের গতি বাড়ে আরও। সালমান আলি আঘার স্পিনে শুরুতে খানিকটা অস্বস্তি হচ্ছিল তার। পরে সেই সালমানের অফ স্পিনেই দুই ওভারে মারেন দুটি করে বাউন্ডারি। তাকে আক্রমণ থেকে সরিয়ে নিতে বাধ্য হন পাকিস্তান অধিনায়ক।
তৃতীয় টেস্ট ফিফটিকে দ্বিতীয় শতরানে রূপ দেওয়া খুব কাছাকাছি ছিলেন তিনি। যেভাবে ব্যাটিং করছিলেন, মনে হচ্ছিল, সেঞ্চুরি কেবল সময়ের ব্যাপার। কিন্তু তার এক মুহূর্তের অমনোযোগিতা ও আলির দুর্দান্ত একটি ডেলিভারিতে সেই আশার সমাপ্তি।
রাউন্ড দা উইকেটে করা ডেলিভারি পিচ করে ভেতরে ঢোকে তীক্ষ্ণভাবে। সাদমান একটু দেরি করেন শট খেলতে। ব্যাট-বলের মধ্যে ফাঁকও ছিল বেশ। উড়ে যায় বেলস।
১৮৩ বলের ইনিংস শেষে হতাশ হয়ে যখন তিনি ফিরছেন, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অনেক দর্শক তখন দাঁড়িয়ে তালি দিচ্ছিলেন। দারুণ অভিবাদন পান তিনি ড্রেসিং রুমে ফেরার পর সতীর্থ ও কোচিং স্টাফদের কাছ থেকেও। তার পরও তার মনের কোণে ব্যথা থাকারই কথা। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলো, বাংলাদেশকে আরও টেনে নেওয়া হলো না!
