Published : 05 Sep 2026, 10:55 PM
অসাধারণ এক কীর্তি গড়লেন হারমানপ্রিত কৌর। নারী ক্রিকেটে তো বটেই, পুরুষ ক্রিকেটেও যেটির নজির নেই আর কারো। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করলেন ভারত অধিনায়ক।
উইমেন’স এশিয়া কাপে বৃহস্পতিবার দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাইলফলকটি স্পর্শ করেন হারমানপ্রিত।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডের তালিকায় হারমানপ্রিতের ধারেকাছেও কেউ নেই। ১২১ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে দুই নম্বরে আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।
১০০ বা এর বেশি ম্যাচে অধিনায়কত্ব করার নজির আছে আর কেবল দুজনের। রুয়ান্ডাকে ১০১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মেরি বিমেনিয়িমানা, ১০০ ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মেগ ল্যানিং।
পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড গেরহার্ড ইরাজমাসের। নামিবিয়াকে এখন পর্যন্ত ৯১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।
নারী ও পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডও হারমানপ্রিতের। পাকিস্তান ম্যাচটি তার ২০৫তম।