নিজেকে বদলে আইপিএলে উজ্জ্বল রাহুল ফিরতে চান টি-টোয়েন্টি দলে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখছেন এই সংস্করণে আড়াই বছর ধরে দলের বাইরে থাকা ব্যাটসম্যান।
টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ ধারাবাহিক লোকেশ রাহুল। কিন্তু তার সমস্যা ছিল স্ট্রাইক রেটে। যা নিয়ে কম সমালোচিত হননি তিনি। সমস্যা সমাধান করে এবারের আইপিএলে দারুণ সফল ভারতীয় ব্যাটসম্যান। আর তাই এই সংস্করণের জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।
দীর্ঘ আড়াই বছর ধরে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা হয় না রাহুলের। ৭২ টি-টোয়েন্টির সবশেষটি খেলেন তিনি ২০২২ সালের নভেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে। ২ সেঞ্চুরি ও ২২ ফিফটিতে এই সংস্করণে দেশের হয়ে তার রান ২ হাজার ২৬৫, স্ট্রাইক রেট ১৩৯.১২।
এবারের আইপিএলে ১৩ ইনিংসে ৫৩৯ রান করেছেন রাহুল। দলটির হয়ে তার চেয়ে বেশি রান করতে পারেননি প্লে-অফে উঠতে না পারা দিল্লি ক্যাপিটালসের আর কেউ। এবার তার স্ট্রাইক রেট ছিল ১৪৯.৭২।
আইপিএলে রান করা রাহুলের জন্য নতুন কিছু নয়। ২০২৪ সালে ৫২০ রান, ২০২২ সালে ৬১৬ রান, ২০২১ সালে ৬২৬ রান ও ২০২০ সালে ৬৭০ রান করেছিলেন তিনি। কিন্তু সমস্যা ছিল স্ট্রাইক রেট। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের গত ৬ আসরে একবারও ১৪০ স্ট্রাইক রেটে রান করতে পারেননি তিনি।
স্ট্রাইক রেটের এই সমস্যায় জাতীয় দল থেকেও বাদ পড়তে হয় তাকে। স্কাই স্পোর্টসে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইনের সঙ্গে আলাপকালে রাহুল বলেন, আবারও ভারতের টি-টোয়েন্টি দলে ফেরার আশায় আছেন তিনি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য তার।
“হ্যাঁ, আমি টি-টোয়েন্টি দলে ফিরতে চাই, আর বিশ্বকাপের ভাবনা আমার মাথায় আছে। তবে আপাতত আমি এখন যেভাবে খেলছি সেটা উপভোগ করতে চাই।”
কয়েক বছর আগে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাবে রাহুল বলেছিলেন, ‘স্টাইক রেটকে অতিরিক্ত মূল্যায়ন করা হয়।’ সেই ভাবনা থেকে সরে এসেছেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান।
“সাদা বলে আমার খেলা ও পুরো সাদা-বলের ক্রিকেট নিয়ে ভাবার সময় পেয়েছিলাম; আমার পারফরম্যান্স ও যে অবস্থায় ছিলাম সেটা নিয়ে বেশ সন্তুষ্ট ছিলাম।”
“কিন্তু সম্ভবত ১৫ মাস বা ১২ মাস আগে যখন আমি বুঝতে পারলাম যে, খেলাটি কিছুটা এগিয়ে যাচ্ছে বা এটি পরিবর্তন হচ্ছে এবং আরও বেশি গতিময় হচ্ছে। একটি সাক্ষাৎকারেও এটা বলেছিলাম যে, বেশি বাউন্ডারি মারা দলগুলো ম্যাচ জিতছে, অন্য দলের তুলনায় যারা স্মার্ট ক্রিকেট খেলছে বলা ঠিক হবে না, তবে যে দলটি বেশি বাউন্ডারি মারছে না তারা সবসময় হারছে।”
২০২৪ সালে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত, দলের সঙ্গে থাকতে পারেননি রাহুল। ওই সময়ই মূলত নিজেকে বদলে ফেলার ভাবনা আসে তার মধ্যে। আর সেই চিন্তায় গত এক বছর ধরে ভারতের সাবেক ব্যাটিং কোচ আভিশেক নায়ারের সঙ্গে কাজ করেন তিনি।
“আভিশেক নায়ারের সঙ্গে গত ১২ মাস ধরে অবেক কাজ করেছি। তিনি ভারতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন (কয়েক মাস পর তাকে সরিয়ে দেওয়া হয় তাকে), তাই তার সঙ্গে অনেক সময় কাটাই এবং তিনি সত্যিই আমার চিন্তাধারা বদলাতে ও খেলায় উন্নতি করতে সাহায্য করেছেন।”
