২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট নেতৃত্বের ‘চূড়ান্ত সম্মান’ পেয়ে উদাহরণ হতে চান গিল

নতুন এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান।

টেস্ট নেতৃত্বের ‘চূড়ান্ত সম্মান’ পেয়ে উদাহরণ হতে চান গিল
শুবমান গিল। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 06:54 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

ভারতের হয়ে টেস্ট খেলতে পারাই শুবমান গিলের কাছে অনেক বড় প্রাপ্তি। সেখানে অভিজাত সংস্করণে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া তার নজরে চূড়ান্ত সম্মান। এই দায়িত্বে নিজেকে উদাহরণ হিসেবে গড়ে তুলতে চান টপ অর্ডার এই ব্যাটসম্যান। 

টেস্ট থেকে রোহিত শার্মার অবসরের পর এই সংস্করণে ভারতের নতুন অধিনায়ক হওয়ার আলোচনায় ছিলেন অনেকেই। কিন্তু সবাইকে ছাড়িয়ে গুরুদায়িত্বটি পান ২৫ বছর বয়সী গিল। আগামী মাসে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ দিয়ে ক্যারিয়ারের নতুন এই অধ্যায় শুরু হবে তার।

ভারতের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে গিলের। সেটা অবশ্য টি-টোয়েন্টিতে, গত বছর জিম্বাবুয়েতে। এবার সাদা পোশাকে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে থাকার কথা বিসিসিআই টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন এখন পর্যন্ত ৩২ টেস্ট খেলা ক্রিকেটার।

“এটা অবশ্যই চূড়ান্ত সম্মান, একই সঙ্গে অনেক বড় পাওয়া। ছোটবেলায় কেউ যখন ক্রিকেট খেলতে শুরু করে, ভারতের জন্য খেলার স্বপ্ন দেখে এবং টেস্ট ক্রিকেট খেলা সবচেয়ে বড় সম্মান। অধিনায়ক হওয়া একটি বড় দায়িত্ব এবং আমি এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য অপেক্ষায় আছি।”

চলতি মাসের শুরুতে রোহিতের পর ভিরাট কোহলিও টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন। এর আগে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের সময় বিদায় বলে দেন ভারতীয় ক্রিকেটের আরেক মহীরুহ রাভিচান্দ্রান অশ্বিন।

পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের টেস্ট ক্রিকেট। ‘নতুন’ এই দলকে নেতৃত্ব দিয়ে পারফরম্যান্সের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য দিকেও উদাহরণ হয়ে উঠতে চান গিল।

“নেতৃত্বের মাধ্যমের উদাহরণ হয়ে ওঠায় আমি বিশ্বাসী-কেবল রান করে নয়, শৃঙ্খলা, প্রস্তুতি ও নিজেকে উপস্থাপন করার মধ্যেও। অধিনায়ক হিসেবে, একজন নেতার জানা উচিৎ কখন নিজেকে জড়াতে হবে, একই সঙ্গে এটাও জানতে হবে, কখন সতীর্থদের জায়গা ছেড়ে দিতে হবে, কারণ প্রত্যেকের জীবনের অভিজ্ঞতা আলাদা, সবাই ভিন্নভাবে বেড়ে উঠেছে। প্রত্যেকের ব্যক্তিত্ব ভিন্ন। তাই একজন ভালো অধিনায়কের তার খেলোয়াড়দের থেকে সবচেয়ে ভালো পারফরম্যান্স কিংবা সবচেয়ে ভালো ফলাফলটা কীভাবে বের করে আনতে হয়, সেটা সবসময় জানা থাকতে হবে।”

“খেলোয়াড়দের সঙ্গে এসব আলোচনা করা সবসময় রোমাঞ্চকর। এতে ক্রিকেটের বাইরেও তাদের সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ হয়, আর তখন কী করলে তাদের সেরাটা বের করে আনা সম্ভব, সেটা সত্যিই জানা যায়।”

অধিনায়কের দায়িত্ব পেলেও নিজের ব্যাটিংয়ে এর প্রভাব পড়তে দিতে নারাজ গিল। দুই ভূমিকাকে আলাদা রাখতে চান তিনি। চলতি আইপিএলে সেটি দেখাচ্ছেনও ডানহাতি এই ব্যাটসম্যান। তার নেতৃত্বে গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের শীর্ষে। আর ব্যাটসম্যান হিসেবেও দারুণ ছন্দে আছেন তিনি, আসরের রান সংগ্রাহকদের তালিকায় অবস্থান দ্বিতীয়।

“একটা বিষয় আমি শিখেছি, যখন আমি ব্যাটসম্যান, তখন কেবল ব্যাটিংয়ে মনোযোগ দিতে হবে। ব্যাটসম্যান হিসেবে সিদ্ধান্ত নিতে হয়, অধিনায়ক হিসেবে নয়। যদি অন্য কিছু নিয়ে চিন্তা করা শুরু করি, তাহলে এটা আমার ওপর চাপ আরও বাড়িয়ে দেবে যা অপ্রয়োজনীয়…”

২০২০ সালে টেস্টে পা রাখা গিল ভারতের সবশেষ দুই অধিনায়ক ভিরাট কোহলি ও রোহিত শার্মার নেতৃত্বে খেলেছেন। তাদের থেকে অধিনায়কত্বের অনেক দিক শেখার কথা বললেন তিনি।

“যখন আমি ছোট ছিলাম, সব সময় ভারতীয় ক্রিকেটের গ্রেটরা ও কিংবদন্তিরা আমাকে অনুপ্রাণিত করতেন। তাদের মধ্যে অনেকের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে, যেমন ভিরাট ভাই বা রোহিত ভাই। ধরনের দিক থেকে তারা দুইজন খুবই ভিন্ন ছিলেন, তবে দুইজনকেই একই লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে দেখা খুবই অনুপ্রেরণাদায়ক ছিল।”

“ভিরাট ভাই সবসময় আক্রমণাত্মক ছিলেন, সর্বদা তাড়না ও উৎসাহ নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে চাইতেন। রোহিত ভাইও আক্রমণাত্মক ছিলেন, তবে তার প্রতিক্রিয়া বা অভিব্যক্তিতে সেটা ফুটে উঠত না, কিন্তু মাঠে সবসময় খুবই আগ্রাসী ক্রিকেট খেলতেন।”

হেডিংলিতে আগামী ২০ জুন শুরু হবে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট।