এক ওভারে স্মিথ ও হেনরিকেসকে ফেরালেন রিশাদ
বিগ ব্যাশের ফাইনালের ওঠার লড়াইয়ে আরেকটি উইকেট পেতে পারতেন বাংলাদেশের এই লেগ স্পিনার।
প্রথম দুই ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেও উইকেটের দেখা পেলেন না রিশাদ হোসেন। তৃতীয় ওভারে খরুচে বোলিং করলেও, অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ ও সিডনি সিক্সার্স অধিনায়ক মোইজেস হেনরিকেসকে বিদায় করলেন তিনি। কোটার শেষ ওভারেও আরেকটি উইকেট পেতে পারতেন হোবার্ট হারিকেন্সের এই লেগ স্পিনার।
বিগ ব্যাশের চ্যালেঞ্জার ম্যাচে শুক্রবার সিডনি সিক্সার্সের বিপক্ষে চার ওভার হাত ঘুরিয়ে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ। ফাইনালে ওঠার লড়াইয়ে তিনটি চার ও একটি ছক্কা হজম করেন তিনি। ছয়টি বল দিতে পারেন ডট।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবার খেলতে গিয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন রিশাদ। আসরে স্পিনারদের মধ্যে আপাতত যা যৌথভাবে সর্বোচ্চ। তার সমান ১৫ উইকেট নিয়েছেন ফাইনালিস্ট পার্থ স্কর্চার্সের বাঁহাতি স্পিনার কুপার কনোলি ও অ্যাডিলেইড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপ।
সিডনিতে টস জিতে ফিল্ডিং নেওয়া হোবার্ট হারিকেন্স এদিন পঞ্চম ওভারে আক্রমণে আনে রিশাদকে। স্রেফ ছয়টি সিঙ্গল দিয়ে ওভারটি শেষ করেন ছন্দে থাকা বোলার।
অষ্টম ওভারে ফের বোলিংয়ে এসে প্রথম ডেলিভারিতে চার হজম করেন রিশাদ। স্মিথের ব্যাটের কানায় লেগে থার্ডম্যান দিয়ে সীমানায় যায় বল। পরের পাঁচ বলে আসে পাঁচটি সিঙ্গল, একটি লেগ বাই থেকে।
২ ওভারে ১৪ রান দেওয়া রিশাদ ত্রয়োদশ ওভারে বল হাতে পেয়ে প্রথম ডেলিভারিতে স্মিথকে বোল্ড করে দেন। সুইচ হিট করে ব্যাটেই লাগাতে পারেননি স্মিথ, বল ছোবল দেয় স্টাম্পে। এক ছক্কা ও ৯টি চারে ৪৩ বলে ৬৫ রান করে ফেরেন স্মিথ।
ক্রিজে গিয়েই প্রথম বলে লেগ সাইড দিয়ে রিশাদকে চার মারেন জোয়েল ডেভিস। পরের বলে ওড়ান বিশাল এক ছক্কা। ওভারের পঞ্চম ডেলিভারিতে পয়েন্ট দিয়ে চার মারেন হেনরিকেস। শেষ বলে মিড-অনে চমৎকার ক্যাচ নিয়ে হেনরিকেসকে বিদায় করেন ক্রিস জর্ডান। ওভারটিতে ১৫ রান খরচ করেন রিশাদ।
সপ্তদশ ওভারটি করতে এসে কেবল চার রান দেন রিশাদ। ওভারের তৃতীয় ডেলিভারিতে উইকেটও পেতে পারতেন তিনি। তার লেগ স্পিনে পরাস্ত হন জ্যাক এডওয়ার্ডস, হোবার্ট হারিকেন্সের কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বল ব্যাটে লেগেছে নিশ্চিত ছিলেন কিপার ম্যাথু ওয়েড। কিন্তু তাদের কোনো রিভিউ ছিল না। পরে রিপ্লেতে দেখা যায়, ব্যাটে হালকা স্পর্শ করে গেছে বল।
হোবার্ট হারিকেন্সের হয়ে ৫২ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন রাইলি মেরেডিথ। রিশাদের সমান দুটি প্রাপ্তি বিলি স্ট্যানলেকের, ৪৬ রান দিয়ে।
স্মিথের ফিফটি ও অন্যদের অবদানে ৮ উইকেটে ১৯৮ রান করে সিডনি সিক্সার্স।
