২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওল্ড ট্র্যাফোর্ডে খেলবেন বুমরাহ

চোট শঙ্কা কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টেও কিপিং করতে পারেন রিশাভ পান্ত।

ওল্ড ট্র্যাফোর্ডে খেলবেন বুমরাহ
জাসপ্রিত বুমরাহ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 08:43 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টে জাসপ্রিত বুমরাহ খেলবেন কিনা, তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। অনিশ্চয়তার ইতি টেনে দিলেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় এই পেসার জানালেন, ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে বুমরাহকে নিয়েই নামবেন তারা।

ম্যানচেস্টারে আগামী বুধবার শুরু সিরিজের পরের টেস্ট। এক দিন আগে সোমবার চোটজর্জর ভারতীয় পেস আক্রমণ নিয়ে প্রশ্ন করা হয় সিরাজকে। উত্তরে তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা কেবল জানি জাসসি (বুমরাহ) ভাই খেলবেন।”

পরের ম্যাচের একাদশে বুমরাহর থাকা নিয়ে এত কৌতূহলের কারণ, সতর্কতার অংশ হিসেবে তাকে বিশ্রাম দিয়ে খেলাচ্ছিল ভারত। সিরিজের প্রথম ও তৃতীয় টেস্টে খেলা অভিজ্ঞ এই পেসারকে দ্বিতীয় ম্যাচে নামায়নি দলটি।

ভারতের সবশেষ অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টের সবগুলো খেলেছিলেন বুমরাহ। শেষ ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়ার পর দীর্ঘদিন বাইরে থাকতে হয়েছিল তাকে। এরপর থেকে দলের সেরা পেসারের ‘ওয়ার্কলোড ম্যানেজ’ করে খেলাচ্ছে ভারত।

এবারের ইংল্যান্ড সফরে ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোটের সঙ্গে লড়ছেন। বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়ে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দুই টেস্ট খেলা পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি।

পরের ম্যাচে বাঁহাতি পেসার আর্শদিপ সিংকেও পাবে না ভারত। নেটে অনুশীলনের সময় বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন তিনি। আর লর্ডসে খেলার সময় অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া আকাশ দিপেরও ওল্ড ট্র্যাফোর্ডে খেলা নিয়ে রয়েছে সংশয়। গণমাধ্যমের খবর, কুঁচকির সমস্যায় ভুগছেন এই পেসার।

পেস বোলিং বিভাগের শক্তি বাড়াতে হারিয়ানার পেসার আনশুল কম্বোজকে দলে যোগ করেছে ভারত। চলমান এই সিরিজ শুরুর আগে ইংল্যান্ডে খেলে গেছেন তিনি, ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে।

নিতিশ ছিটকে পড়ায় পরের ম্যাচের একাদশে ফিরতে পারেন সাই সুদার্শান। হেডিংলিতে প্রথম টেস্ট খেলে দুই ইনিংসে যথাক্রমে ০ ও ৩০ রান করেছিলেন এই ব্যাটসম্যান। সুদার্শানকে ফেরালে স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দারকে বসিয়ে পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে একাদশে রাখতে পারে ভারত।

আকাশ দিপ যদি পরের টেস্ট থেকে ছিটকে পড়েন, তাহলে বুমরাহ ও সিরাজের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেতে পারেন প্রাসিধ কৃষ্ণা। সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেছিলেন তিনি।

তৃতীয় টেস্টে বাঁ হাতের তর্জনীতে চোট পান রিশাভ পান্ত। ওল্ড ট্র্যাফোর্ডে তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানোর কথা ভাবছিল ভারত। সেক্ষেত্রে কিপার হিসেবে ডাক পাওয়ার সম্ভাবনা ছিল ধ্রুব জুরেলের।

কিন্তু সোমবার কিপিং গ্লাভস হাতে অনুশীলন করতে দেখা যায় পান্তকে। সঙ্গে নেটে সাচ্ছন্দে ব্যাটিংও করেন তিনি। তাই তার কিপিং করা নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও কেটে গেছে।

পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। প্রথম টেস্ট হারা দলটি দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তুলে নেয় বড় জয়। কিন্তু লর্ডসে রুদ্ধশ্বাস লড়াইয়ে তাদেরকে হারিয়ে এগিয়ে যায় ইংলিশরা।