চট্টগ্রামে কিষোয়ান ফুটবল একাডেমির যাত্রা শুরু
“তরুণদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার পরিধি বাড়াতে হবে,” বলেন বনফুল-কিষোয়ান গ্রুপের এমডি মো. শহিদুল ইসলাম।
‘ক্রীড়াই মানসিকতা ও শারীরিক বিকাশের অন্যতম নিয়ামক‘ স্লোগান নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে ‘কিষোয়ান ফুটবল একাডেমি‘।
তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে এটি গঠন করার কথা শনিবার একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি শহিদুল ইসলাম বলেন, “তৃণমূল পর্যায় থেকে দক্ষ ও প্রতিভাবান ফুটবলার তুলে আনতে কিষোয়ান স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমির এ উদ্যোগ প্রশংসনীয়।”
বনফুল-কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.শহিদুল ইসলাম বলেন, “তরুণদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার পরিধি বাড়াতে হবে। বনফুল-কিষোয়ান পরিবার সবসময় ক্রীড়াবান্ধব কার্যক্রমের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু ও সাধারণ সম্পাদক আনম ওয়াহিদ দুলাল উপস্থিত ছিলেন।
