বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র বানাতে পাশে থাকতে চায় হায়ার
“প্রতিটি পরিবারে বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য,” বলেন হায়ার বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্যান জিং।
বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক উৎপাদন কেন্দ্র বানানোর বিষয়টি মাথায় নিয়ে কাজ করার কথা বলেছে হায়ার বাংলাদেশ লিমিটেড।
এক্ষেত্রে তারা উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতা কমানো এবং দেশের হোম অ্যাপ্লায়েন্স শিল্পের বিকাশে ভূমিকা রাখতে চায়।
শনিবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে তাদের নিজস্ব কারখানায় এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও টেলিভিশন তৈরি হচ্ছে। পাশাপাশি, চুক্তিভিত্তিক ব্যবস্থায় রেফ্রিজারেটর ও ফ্রিজার তৈরি করা হয়। বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স আমদানি ও বাজারজাতও করে প্রতিষ্ঠানটি।
এয়ার কন্ডিশনারের কনডেনসার, ইভ্যাপোরেটর, টিউব, ইনডোর বডি ও আউটডোর বডির মত অংশগুলো এখন দেশেই উৎপাদন করছে হায়ার।
হায়ার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্যান জিং বলেন, “দেশের প্রতিটি পরিবারের কাছে বিশ্বমানের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
“উন্নত গৃহস্থালি প্রযুক্তি ও স্মার্ট সল্যুশনের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। ‘মোর ক্রিয়েশন, মোর পসিবিলিটিজ’ – এই বিশ্বাস নিয়েই হায়ারের পথচলা।”
