০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সাঁওতাল পল্লিতে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেবে ইউনিস্যাব

১২ অক্টোবর রাজশাহীর একটি সাঁওতাল পল্লিতে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 10:16 PM

Updated : 04 Oct 2026, 10:16 PM

পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘প্রজেক্ট ক্লিন এ্যান্ড কেয়ার ২.০’ শুরু করেছে ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউনিস্যাব) রাজশাহী ডিভিশন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, কর্মসূচির অংশ হিসেবে ১২ অক্টোবর রাজশাহীর একটি সাঁওতাল পল্লিতে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। এতে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেবেন।

‘চলুন, পৃথিবীর যত্ন নিই’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ৩ অক্টোবর। জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত কর্মসূচি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

আয়োজকদের ভাষ্য, কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা এবং তরুণদের নেতৃত্বে সামাজিক পরিবর্তনের উদ্যোগকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

চার ক্ষেত্রে কার্যক্রম

‘প্রজেক্ট ক্লিন এ্যান্ড কেয়ার ২.০’-এর আওতায় চারটি প্রধান ক্ষেত্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে—বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা, পরিবেশ পরিচ্ছন্নতা এবং মানসিক স্বাস্থ্যসচেতনতা।

কর্মসূচির অংশ হিসেবে ৮ অক্টোবর বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম এবং ৯ অক্টোবর স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান হবে।

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা রোধ এবং পরিচ্ছন্ন জনপরিসর গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হবে।

১০ অক্টোবর অনলাইনে মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ সেশন, ১২ অক্টোবর বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং ১৩ অক্টোবর সমাপনী অনুষ্ঠান হবে।

রাজশাহী বিভাগের নির্বাচিত বিভিন্ন স্থান, ক্যাম্পাস ও জনপরিসরে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে ইউনিস্যাব।

সাঁওতাল পল্লিতে স্বাস্থ্যসেবা

কর্মসূচির অন্যতম অংশ হিসেবে ১২ অক্টোবর রাজশাহীর একটি সাঁওতাল পল্লিতে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে।

এতে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেবেন। প্রয়োজন অনুযায়ী তারা বিভিন্ন স্বাস্থ্যগত বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সীমিত এমন সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এ ছাড়া তরুণ ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং মনোসামাজিক সুস্থতা বিষয়ে সচেতন করতে ১০ অক্টোবর বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি অনলাইন সেশন হবে। এতে মানসিক সুস্থতা, সচেতনতা এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনার ওপর গুরুত্ব দেওয়া হবে।

‘তরুণদের নেতৃত্বে সামাজিক পরিবর্তন’

উদ্যোগটি সম্পর্কে ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের আঞ্চলিক সম্পাদক রাশেদুজ্জামান রাকিব বলেন, “‘প্রজেক্ট ক্লিন এ্যান্ড কেয়ার ২.০’-এর মাধ্যমে আমরা পরিবেশ, জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণের পাশাপাশি তরুণদের নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধকে অর্থবহ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে চাই।

“আমরা বিশ্বাস করি, তরুণদের উদ্যম, দায়িত্ববোধ ও নেতৃত্বের সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে নিজ নিজ কমিউনিটিতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব,” বলেন তিনি।

তার ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং সামাজিক পরিবর্তনের সক্রিয় অংশীদার হওয়ার সুযোগ তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য।

সহযোগী প্রতিষ্ঠান

উদ্যোগটির সার্বিক বাস্তবায়নে সহযোগী পার্টনার হিসেবে গ্রো-আপ যুক্ত রয়েছে বলে জানিয়েছে ইউনিস্যাব।

এ ছাড়া বৃক্ষরোপণ পার্টনার হিসেবে চন্দ্রকলি, মানসিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবিনার সহযোগী হিসেবে সাইকোচ বাংলাদেশ, নিরাপত্তা পার্টনার হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), মিডিয়া পার্টনার হিসেবে বার্লো কমিউনিকেশনস লিমিটেড এবং রেডিও পার্টনার হিসেবে রেডিও পদ্মা ৯৯.২ যুক্ত রয়েছে।

আয়োজকদের মতে, এ কর্মসূচির মাধ্যমে তরুণ স্বেচ্ছাসেবকেরা পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও মানসিক সুস্থতা বিষয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নেতৃত্ব, দলগত উদ্যোগ ও সামাজিক সেবায় নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।

শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব, স্বাস্থ্যসেবা পেশাজীবী, উন্নয়ন সহযোগী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সহযোগিতা জোরদার করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে সংগঠনটি।

ভবিষ্যতেও জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের নেতৃত্বে মানবিক, পরিবেশবান্ধব ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ইউনিস্যাব রাজশাহী ডিভিশন।