Published : 13 Dec 2025, 04:14 PM
প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী কোম্পানি বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডকে (বিবিএমএল) ২৫ মিলিয়ন ডলার অর্থায়ন করছে জার্মান বিনিয়োগ ও উন্নয়ন সংস্থা ডিইজি।
বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে বিবিএমএল ও ডিইজির চতুর্থ অর্থায়ন চুক্তি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও ডিইজির এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট (শিল্প ও সেবা) পারভেজ আখতার নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন।
বিবিএমএল ২০০৮ সালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিজস্ব শিল্পপার্কে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এরপর থেকে কোম্পানিটি পিভিসি ডোর, ফিটিংস, ইলেকট্রিক্যাল সুইচ ও সকেট, ফ্যান, এনার্জি সেভিং বাল্ব, মেলামাইন, স্টেশনারি, ওপাল ও রিসাইকেল পণ্যসহ নানান জনপ্রিয় পণ্য উৎপাদন করে আসছে।
ডিইজি হল জার্মান উন্নয়নমূলক অর্থায়ন সংস্থা এবং কেএফডব্লিউ গ্রুপের একটি সহায়ক প্রতিষ্ঠান। সংস্থাটি উন্নয়নশীল ও উদীয়মান দেশে দীর্ঘমেয়াদি অর্থায়ন করে বেসরকারি খাতের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাজ করছে।
প্রাণ-আরএফএল বলছে, ২০১৩ সাল থেকে ডিইজি বিবিএমএলের বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করছে এবং চতুর্থ ঋণচুক্তির মাধ্যমে এ সহযোগিতা নতুন এক মাইলফলকে পৌঁছেছে।
নতুন অর্থায়নের মাধ্যমে বিবিএমএল পুনর্ব্যবহারযোগ্য পণ্য এবং সফট পিভিসি পণ্য-যেমন পিইউ লেদার, ফ্লোর ম্যাট, সিলিং ম্যাটেরিয়াল উৎপাদন বৃদ্ধি করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, “আমাদের জন্য এটি অনুপ্রেরণা যে—ডিইজি সবসময় আমাদের অংশীদার ও পরামর্শদাতা হিসেবে পাশে রয়েছে। এই অর্থায়ন আমাদের ভিশনকে আরও শক্তিশালী করেছে।
“স্থানীয় ও আন্তর্জাতিক কাঁচামাল ব্যবহার করে আমরা দেশে আমদানি-পরিবর্তিত পণ্য উৎপাদন করতে প্রস্তুত; যা গ্রামীণ এলাকায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।”