ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“তিন দশকে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে বিএনআইসি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে,” বলেন পরিচালক তায়েফ বিন ইউসুফ।
প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসি)।
সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রধান কার্যালয় ও সব শাখা কার্যালযয়ে কেক কাটা হয় বলে কোম্পানি কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বিএনআইসি পরিচালক তায়েফ বিন ইউসুফ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বলেন, “তিন দশকে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে বিএনআইসি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। ভবিষ্যতেও গ্রাহককেন্দ্রিক সেবা আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের বীমা খাতের টেকসই উন্নয়নে প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা পালন করবে।”
মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ বলেন, “বিএনআইসি সরকারি বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ করে গ্রাহকদের মানসম্মত সেবা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবে।”
বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৯৯৬ সালের মে মাসে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। এক মাস পর ১ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ১৯৯৬ সালের জুন মাসে সাধারণ বীমা ব্যবসা পরিচালনার অনুমোদন লাভের পর থেকে প্রতিষ্ঠানটি অগ্নি, মোটর, মেরিন, ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক ও কন্ট্রাক্টরস অল রিস্কসহ বিভিন্ন ধরনের সাধারণ বীমাসেবা দিয়ে আসছে। বর্তমানে দেশের প্রায় ৩৬টি শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে।
