এমডিবিএএমসির সিইও পদে সামির উদ্দিনের যোগদান
তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ হিসেবে।
মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডর (এমডিবিএএমসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ সামির উদ্দিন।
মিডল্যান্ড ব্যাংকের মালিকানাধীন কোম্পানিটি নতুন এই কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার কথা রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে ১৪ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন সামির উদ্দিন সিকিউরিটিজ বাজার সম্পর্কে গভীর জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জন করেছেন। এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডে সিইও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার সফল নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তার।
এর আগে তিনি শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও ছিলেন এবং ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডে ফান্ড ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেও জানানো হয়েছে।
সামির উদ্দিন ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে, যেখানে পরবর্তীতে প্রিন্সিপাল অফিসার পদ পান তিনি।
তিনি সিএফএ চার্টার হোল্ডার এবং সিএফএ সোসাইটি বাংলাদেশের সদস্য। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ফিনান্স বিষয়ে বিবিএ এবং এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন।
