আইএফআইসি ব্যাংকে ১৩৫ কর্মকর্তার পদোন্নতি
এ উপলক্ষে পদোন্নতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকটি।
পেশাগত কর্মদক্ষতা ও টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩৫ জন কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি দিয়েছে আইএফআইসি ব্যাংক।
সোমবার রাজধানীর আইএফআইসি টাওয়ারে এ উপলক্ষে ‘সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন’ শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যরা ৩৪ জন কর্মকর্তার হাতে পদোন্নতিপত্র তুলে দেন।
এসময় বিভিন্ন শাখা-উপাশাখা থেকে পদোন্নতিপ্রাপ্ত আরও ১০১ জন কর্মকর্তার কাছে ভার্চুয়ালি পদোন্নতিপত্র হস্তান্তর করা হয়।
এসময় এমডি সৈয়দ মনসুর বলেন, “আইএফআইসি ব্যাংকের অগ্রযাত্রার পেছনে সবচেয়ে বড় শক্তি আমাদের কর্মীবৃন্দ। প্রত্যয়ী, নিষ্ঠাবান ও কর্মদক্ষ কর্মীই আমাদের প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।
“মেধা ও সাফল্যের স্বীকৃতি যেমন ব্যক্তিগত অর্জনের অনুভূতি জাগিয়ে তোলে, তেমনি প্রতিষ্ঠানের ভেতরে একটি সহযোগিতাপূর্ণ ও উদ্দীপনাময় পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে, যা ভবিষ্যতের পথচলাকে আরও দৃঢ় করে।”
