মার্চে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের
নয় মাসের মধ্যে আবার নতুন এ রেকর্ড করার কথা বলেছে কোম্পানিটি।
মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ মার্চে এক মাসে ৩৪ হাজার কোটি টাকার বেশি লেনদেন করার তথ্য দিয়েছে।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ লেনদেনকে এক মাসের সর্বোচ্চ রেকর্ড হিসেবে চিহ্নিত করেছে। এর আগের সর্বোচ্চ লেনদেন ছিল ২০২৪ সালের জুনে; প্রায় ৩২ হাজার কোটি টাকা।
নয় মাসের মধ্যে আবার লেনদেনের রেকর্ড করার কথা বলেছে নগদ।
ব্জ্ঞিপ্তিতে বলা হয়, ২০ মার্চ একদিনে নগদের গ্রাহকেরা সর্বোচ্চ দেড় হাজার কোটি টাকার বেশি লেনদেন করেন। এর আগে চলতি বছর ৯ জানুয়ারি একদিনে সর্বোচ্চ দুই হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক অতিক্রম করে প্রতিষ্ঠানটি। ওইদিন নগদে লেনদেন হয়েছিল প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা।
মার্চ মাস জুড়ে নগদ পেমেন্টে চলা ‘উৎসবের খুশি নগদে বেশি’ ক্যাম্পেইনে প্রতিঘণ্টায় উপহার জেতার সুযোগ দিয়েছিল কোম্পানিটি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ উপলক্ষে গ্রাহক, কর্মী, উদ্যোক্তাসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
তিনি বলেন, “সাফল্য কখনোই ঘটনাচক্রে আসে না। এটা সকলের যৌথ পরিশ্রম ও প্রচেষ্টার ফসল। তাছাড়া সবাই যখন একই লক্ষ্য ও একই মূলবোধ ধারণ করে কাজ করে তখন শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করাটাও সহজ হয়।”
তিনি বলেন, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে নগদ আরও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের অর্থের অধিকতর নিশ্চয়তা দিয়ে এগিয়ে যাচ্ছে। যার ফলে নতুন নতুন গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তারাও স্বাচ্ছন্দ্যে আগের চেয়ে বেশি লেনদেন করছেন।
