২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসে ওয়ালটনের মুনাফা ৩৬৩ কোটি টাকা

“ইপিএস বেড়ে হয়েছে ১০ দশমিক ৯০ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯ দশমিক ১৪ টাকা,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 01:05 AM

Updated : 26 Aug 2026, 05:37 PM

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৩৬৩ কোটি ৩৪ লাখ টাকা।

এই মুনাফা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৫৮ কোটি ৮৭ লাখ টাকা বেশি বলে বৃহস্পতিবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি তাদের প্রথমার্ধের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এদিন পরিচালনা পর্ষদের সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করে।

প্রতিবেদনের তথ্যমতে, চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানির বিক্রয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪৮ শতাংশ বা ২১৫ দশমিক ৮৬ কোটি টাকা বেড়েছে। 

এ সময় ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৯০ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯ দশমিক ১৪ টাকা।

একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৫৭ দশমিক ২৪ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩৫৮ দশমিক ৪১ টাকায় দাঁড়িয়েছে।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪১ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৩০ টাকা।