Published : 09 Apr 2026, 01:10 AM
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) আধুনিক উৎপাদন কারখানা চালু করেছে লায়ন করপোরেশন ও কল্লোল লিমিটেডের উদ্যোগে গঠিত লায়ন কল্লোল লিমিটেড।
৩ দশমিক ৩ হেক্টর জমির ওপর গড়া সেই কারখানায় ডিশওয়াশিং লিকুইড, টুথব্রাশসহ বিভিন্ন হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন করা হবে বলে লায়ন কল্লোল লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
শিমিজু করপোরেশনের নকশা ও নির্মাণে গড়ে ওঠা কারখানায় গুণগত মান নিশ্চিত করা, নিরাপদ উৎপাদন ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।
লায়ন কল্লোল লিমিটেডের চেয়ারম্যান গো ইচিতানি বলেন, “এই নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি বাংলাদেশের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী ও নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে এবং উন্নত মানের নতুন পণ্য বাজারে সরবরাহের সক্ষমতা বাড়বে।”
কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক এবং লায়ন কল্লোল লিমিটেডের যৌথ অংশীদার গোলাম মোস্তফা বলেন, “প্ল্যান্টটি কল্লোল গ্রুপের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, স্থানীয় দক্ষ জনবল গড়ে উঠবে এবং লায়ন করপোরেশন জাপানের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের পণ্যের মানও আরও উন্নত হবে।”