মিডল্যান্ড ব্যাংক ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের চুক্তি
চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংক সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির জীবন বীমা পণ্যের বিতরণ কার্যক্রম শুরু করেছে।
গ্রাহকদের জন্য আর্থিক ও বীমা সেবা বাড়াতে মিডল্যান্ড ব্যাংক ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে।
বুধবার গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্যাংকাস্যুরেন্স হল ব্যাংকিং ও বীমা খাতের মধ্যে একটি অগ্রসরমান সহযোগিতার ক্ষেত্র, যা এক প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বিত আর্থিক সমাধান সম্ভব করে তোলে। মিডল্যান্ড ব্যাংক এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এই অংশীদারিত্ব উদ্ভাবন, গ্রাহকসুবিধা এবং সেবার উৎকর্ষতা নিশ্চিত করার অভিন্ন অঙ্গীকার তুলে ধরে।
“এ সহযোগিতার আওতায় মিডল্যান্ড ব্যাংক শাখা নেটওয়ার্কের মাধ্যমে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির জীবন বীমা পণ্যসমূহের বিতরণ কার্যক্রম শুরু করেছে। ফলে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের বিভিন্ন শাখা থেকে সহজেই বিভিন্ন ধরনের জীবন বীমা সেবা গ্রহণ করতে পারবেন।”
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ আহমেদ এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাজমুল হুদা সরকার, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান ওমর শরীফ এবং প্রজেক্ট ম্যানেজার খন্দকার ইমরান হোসেন উপস্থিত ছিলেন।
সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং ব্যাংকাস্যুরেন্স প্রধান আব্দুল্লাহ আল মামুন ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
