Published : 01 Feb 2026, 07:44 PM
লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে আরও ‘প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী’ করতে ঢাকায় সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬’।
বাণিজ্য মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক সমর্থিত এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের সহযোগিতায় ঢাকার শাহবাগে ‘শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে’ দ্বিতীয় বারের মতো এই এক্সপো চলবে বুধবার পর্যন্ত।
প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ মেলায় দেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সর্বশেষ প্রযুক্তি, যন্ত্রাংশ ও উদ্ভাবনী পণ্য স্থান পাবে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) সভাপতি মো. আবদুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানের উপস্থিত থাকার কথা রয়েছে।
লাইট ইঞ্জিনিয়ারিং খাতের গুরুত্ব তুলে ধরে সংবাদ সম্মেলনে আবদুর রাজ্জাক বলেন, “এই খাত কৃষি, টেক্সটাইল, নির্মাণ, বিদ্যুৎ, অটোমোবাইল ও গৃহস্থালি যন্ত্রপাতিসহ বহু শিল্পের জন্য ব্যাকওয়ার্ড লিংকেজ সরবরাহ করছে।”
তিনি বলেন, মেলায় কনস্ট্রাকশন ও প্যাকেজিং মেশিনারি, কৃষিযন্ত্র, বৈদ্যুতিক পণ্য, জুট ও টেক্সটাইল যন্ত্রাংশ, অটোমোবাইল কম্পোনেন্টস, ডাই-মোল্ডসহ হাজারো ধরনের শিল্পপণ্য প্রদর্শিত হবে।
এবারের মেলায় ৫০টির বেশি বুথে দেশীয় প্রতিষ্ঠানের উদ্ভাবন ও সক্ষমতা তুলে ধরা হবে বলেও জানান তিনি।