২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ঢাকার জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জোন ও কর্পোরেট শাখাগুলোর প্রধান, জোনগুলোর অধীন শাখাপ্রধান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

বিডিনিউজ২৪

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 01:46 AM

Updated : 26 Aug 2026, 01:22 PM

ইসলামী ব্যাংক বাংলাদেশের ঢাকা সেন্ট্রাল, নর্থ, সাউথ ও ইস্ট জোন এবং ঢাকার ছয়টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সম্মেলন হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জোন ও কর্পোরেট শাখাগুলোর প্রধান, জোনগুলোর অধীন শাখাপ্রধান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

তিনি বলেন, “সকল সংকট কাটিয়ে ইসলামী ব্যাংক শরীয়াভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যাংকিংয়ের মূল মডেলে ফিরে এসেছে। মানুষের আস্থা ও অপরিসীম ভালোবাসার ফলশ্রুতিতে গত ১০ মাসে ইসলামী ব্যাংকে ২৪ লাখ ৩০ হাজার নতুন গ্রাহক এবং ২০ হাজার কোটি টাকার নিট আমানত বেড়েছে। 

“প্রবাসীদের প্রথম পছন্দ ও নির্ভরতার ঠিকানা ইসলামী ব্যাংক। যার ফলে এ ব্যাংকের মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ইতোমধ্যে এজেন্ট ব্যাংকিং আমানত সংগ্রহে ২০ হাজার কোটি টাকা অতিক্রম করে দেশের এজেন্ট ব্যাংকিং সেক্টরে নতুন মাইলফলক সৃষ্টি করেছে।”

ব্যাংকের কর্মীদের কাজের গতিশীলতা ও নিরলস পরিশ্রমের ফলে শিগগিরই ইসলামী ব্যাংক সকল খাতে দেশের অর্থনীতিতে ‘যুগপৎ পরিবর্তন নিয়ে আসবে’ বলে আশা প্রকাশ করেন চেয়ারম্যান।

তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ব্যাংকের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে কর্মীদের প্রতি আহ্বান জানান।  

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক এম জুবায়দুর রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন এবং মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার বক্তব্য দেন।  

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কেএম মুনিরুল আলম আল-মামুন, এম কামাল উদ্দীন জসীম ও মো. মাকসুদুর রহমানও উপস্থিত ছিলেন সম্মেলনে।