Published : 13 Jul 2026, 04:06 PM
সিটি ব্যাংক-বিকাশ থেকে গ্রাহকের নেওয়া ডিজিটাল ন্যানো লোনের পরিমাণ দশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক বলছে, বর্তমানে প্রতিদিন প্রায় এক লাখ গ্রাহক বিকাশ অ্যাপে সিটি ব্যাংকের এই ঋণ নিচ্ছেন। প্রতিটি ঋণের গড় পরিমাণ প্রায় ৩ হাজার টাকা, আর মাসিক ঋণ বিতরণ পৌঁছেছে ৯০০ কোটি টাকায়।
“মোট বিতরণ করা ১০ হাজার কোটি টাকার মধ্যে খেলাপি ও অবলোপন করা ঋণের পরিমাণ মাত্র ৫৩ কোটি টাকা বা ০.৫ শতাংশ। অর্থাৎ বিতরণকৃত ঋণের ৯৯.৫ শতাংশ নিয়মিতভাবে ব্যাংকে ফেরত এসেছে।”
বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি যোগ্য বিকাশ গ্রাহকের জন্য এই ঋণ সুবিধা উন্মুক্ত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, “দেশের ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণ যখন বড় উদ্বেগের বিষয়, তখন দেখা যাচ্ছে ছোট অঙ্কের ডিজিটাল ঋণে পোর্টফোলিওর মান ঈর্ষণীয় পর্যায়ের।
“এই ঘটনাটি থেকে পুরো ব্যাংকিং খাতের জন্যই শিক্ষা ও অনুপ্রেরণা নেওয়ার মতো অনেক কিছু আছে।”