এমএফএস সেবা সুরক্ষিত করতে চট্টগ্রামে পুলিশকে নিয়ে বিকাশের কর্মশালা
চট্টগ্রাম জেলা পুলিশের ১২০ জন তদন্ত কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেবাকে সুরক্ষিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে এর ব্যবহার প্রতিরোধে ধারাবাহিক কর্মশালা করেছে বিকাশ।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ এবং বিকাশ এর উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে দিনব্যাপী ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা করা হয়।
বিকাশেরএক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মশালায় জেলা পুলিশের ১২০ জন তদন্ত কর্মকর্তা অংশগ্রহণ করেন। অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কীভাবে কাজে লাগিয়ে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয় এ কর্মশালায়।
দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিকাশ-এর নিয়মিত এই আয়োজনে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪ হাজার ৫০০ তদন্ত কর্মকর্তা অংশগ্রহণ করেছেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
চট্টগ্রামে কর্মশালাটি উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জ এর উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আহসান হাবিব পলাশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিকাশ-এর উপদেষ্টা ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অব.) মো. নাজিবুর রহমান, এনডিসি এবং ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অব.) সহ জেলা পুলিশ চট্টগ্রাম ও বিকাশ এর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রযুক্তির ব্যবহার করে গ্রাহকের হারানো টাকা অনুসন্ধানের কৌশল, ডিজিটাল লেনদেন মনিটরিংয়ের মাধ্যমে অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের উপায়, এবং তদন্তের প্রয়োজনে বিকাশ-এর কর্মকর্তাদের সাথে কীভাবে তদন্ত কর্মকর্তারা সহজেই যোগাযোগ করতে পারেন–এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় কর্মশালায়।
এছাড়া কোনো অপরাধমূলক ঘটনা সংঘটিত হওয়ার পর তৎক্ষণাৎ কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়েও এই কর্মশালায় আলোকপাত করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
