Published : 01 Sep 2025, 01:08 AM
স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উৎসাহ দিতে বিকাশ ও মাসিক পত্রিকা বিজ্ঞানচিন্তার আয়োজনে দেশব্যাপী তৃতীয়বারের মতো শুরু হয়েছে বিজ্ঞান উৎসব।
বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে ঢাকার প্রায় ১২০টি স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী প্রকল্প প্রদর্শন, কুইজ ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এবারের উৎসব।
চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেট বিভাগে আঞ্চলিক পর্ব শেষে ঢাকায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্ব আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিজ্ঞান উৎসব।
বিকাশ বলছে, ছোটবেলা থেকে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনষ্কতা তৈরি করে বিশ্বের জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুই উৎসবে ৮৫০টি স্কুলের ২০ হাজারের বেশি প্রতিযোগী ৬০০টি বিজ্ঞানবিষয়ক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ৪ হাজার ৩০০ শিক্ষার্থী। অভিভাবক, শিক্ষক ও দর্শনার্থীরাও এসব আয়োজনে অংশগ্রহণ করেন।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ফারজানা শাকিল, বিজ্ঞান চিন্তার সম্পাদক আবদুল কাইয়ুম, কথাসাহিত্যিক আনিসুল হক, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন, রম্য লেখক আহসান হাবিব, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, বিজ্ঞান বক্তা আসিফ, বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির, ভাইস-প্রেসিডেন্ট সায়মা আহসান এবং বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার।