২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বিএফআইইউ-প্রাইম ব্যাংকের কর্মশালা

‘মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক এ কর্মশালায় ৯০ ব্যাংকার অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 01:15 AM

Updated : 26 Aug 2026, 02:18 PM

মৌলভীবাজারে ব্যাংকারদের নিয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও প্রাইম ব্যাংক পিএলসি।

সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে ‘মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন (এএমএল এবং সিএফটি) প্রতিরোধ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।

মঙ্গলবার প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালায় মৌলভীবাজারের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৯০ জন ব্যাংকার অংশ নেন।

এতে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়, যেমন- আইন ও বিধির নির্দেশাবলী, কেওয়াইসি, লেনদেন মনিটরিং, ক্রেডিট ও ট্রেড বেইজড মানিলিন্ডারিং প্রতিরোধে বিষয়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

কর্মমালাকে আকর্ষণীয় করতে প্রশিক্ষণ সেশনের পরে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ এর পরিচালক মো. মোস্তাকুর রহমান। কর্মশালা পরিচালনা করেন বিএফআইইউ অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন, যুগ্ম পরিচালক মো. ইমানুর হাসান ও উপ-পরিচালক মো. মুশফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

এতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ডিএমডি ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। প্রাইম ব্যাংকের ডিএমডি মো. ইকবাল হোসেন ও সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।