Published : 18 Sep 2025, 07:04 PM
বিকাশ ও বিজ্ঞান চিন্তার আয়োজনে রাজশাহী ও রংপুর বিভাগের স্কুল শিক্ষার্থীদের নিয়ে হলে গেল ‘বিজ্ঞান উৎসব’।
দুই বিভাগের প্রায় ১০০ স্কুলের দেড় হাজার শিক্ষার্থী এতে অংশ নিয়েছে বলে বিকাশ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প প্রদর্শন, কুইজ, বিজ্ঞানবিষয়ক আলোচনা ও প্রশ্নোত্তর পর্বসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব হয়েছে।
“খুদে বিজ্ঞানীদের প্রদর্শিত নানা উদ্ভাবনী প্রকল্পের মধ্য থেকে প্রতিটি বিভাগে সেরা দশ প্রকল্পকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি রংপুর উৎসবে কুইজে অংশগ্রহণকারী ৮০০ শিক্ষার্থীর মধ্যে দুই ক্যাটাগরিতে ২৫ জন ও রাজশাহীতে ৫৫০ জনের মধ্যে ২১ জন কুইজ বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়।”
রংপুরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন মিজানুর রহমান, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে এম জালাল উদ্দীন আকবর এবং বিকাশের ইভিপি ও রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান হুমায়ুন কবির।
রাজশাহীতে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ বিশ্বজিৎ ব্যানার্জি ও বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ভাইস-প্রেসিডেন্ট সায়মা আহসান এবং বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার।
বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান প্রকল্পে ও কুইজ বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত বিজ্ঞান উৎসব আয়োজন করা হবে। সারা দেশ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে চূড়ান্ত পর্বে বিজয়ীদের পুরস্কৃত করা হবে, বলছে আয়োজক কর্তৃপক্ষ।