Published : 29 Jun 2026, 08:40 PM
গ্রাহকদের জন্য সম্পূর্ণ ডিজিটাল ঋণসেবা চালু করেছে মিডল্যান্ড ব্যাংক (এমডিবি)।
মিডল্যান্ড অনলাইন মোবাইল অ্যাপ ব্যবহার করে দ্রুত ও সহজে ‘এমডিবি ই-লোন’ নিতে পারবেন গ্রাহকরা।
সোমবার রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ই-লোন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা নজমুল হুদা সরকার, ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং বিভিন্ন বিভাগের প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যিকভাবে ই-লোন সেবা চালুর অংশ হিসেবে ‘এমডিবি ই-লোন’ চালু করা হয়েছে। এর আওতায় যোগ্য গ্রাহকরা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণ পরিশোধের সময় সর্বোচ্চ ১২ মাস।