ভিসার ‘এক্সিলেন্স ইন ওয়ালেট পার্টনারশিপ’ অ্যাওয়ার্ড পেল বিকাশ
ঢাকায় ভিসা লিডারশিপ কনক্লেভ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
ডিজিটাল লেনদেন কোম্পানি ভিসার ‘এক্সিলেন্স ইন ওয়ালেট পার্টনারশিপ’ অ্যাওয়ার্ড পেয়েছে মোবাইলে আর্থিক সেবা কোম্পানি বিকাশ।
ঢাকার একটি হোটেলে সম্প্রতি ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, বিকাশের প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। ভিসার গ্রুপ কান্ট্রি ডিরেক্টর (ভারত ও সাউথ এশিয়া) সন্দীপ ঘোষ ও কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ সেখানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশের ওয়ালেট পার্টনারশিপের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, কার্ড সেবাদানকারী পেমেন্ট সিস্টেম, রেমিটেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান, ই-কমার্স, রাইড-শেয়ারিং, ফুড ডেলিভারি সেবাসহ নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও দ্রুত লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। বৈচিত্র্যপূর্ণ ডিজিটাল আর্থিক সেবা দিয়ে লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়েছে।
এ বছর বিভিন্ন খাতে অবদানে ব্যাংক, ফিনটেক ও রিটেইল খাতের ১৭টি প্রতিষ্ঠানকে ৩০টি অ্যাওয়ার্ড দিয়েছে ভিসা।
