১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইএসইউ টেক্সটাইল ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, "শুধু বাংলাদেশ নয়, দিন দিন বিশ্বব্যাপী টেক্সটাইল খাতের কর্মক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে।"

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 09:38 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

টেক্সটাইল শিক্ষার্থীদের পেশাগত সাফল্যের জন্য গড়ে তুলতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ক্লাব। 

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. আবুল কাসেমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর আব্দুল আউয়াল খান।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, "শুধু বাংলাদেশ নয়, দিন দিন বিশ্বব্যাপী টেক্সটাইল খাতের কর্মক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে।"

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত সাফল্যের জন্য কারিগরি জ্ঞান অর্জন এবং বাস্তব প্রয়োগের ব্যাপারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ শিক্ষার্থীদের পরামর্শ দেন, তারা যেন শুধু চাকরির জন্য নয়, বরং নেতৃত্ব ও উদ্যোক্তা মনোভাব গঠনের দিকেও মনোযোগ দেয়। 

তিনি বলেন, “একজন শিক্ষার্থী যদি অধ্যবসায়, বাস্তব দক্ষতা এবং পেশাগত সততা বজায় রাখে, তাহলে টেক্সটাইল ক্যারিয়ারে সাফল্য অর্জন করা খুব সহজ।”

অধ্যাপক মো. আবুল কাসেম তার বক্তব্যে টেক্সটাইল খাতে ক্যারিয়ারের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, "বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি দিন দিন প্রসারিত হচ্ছে, যেখানে দক্ষ ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে বিপুল কর্মসংস্থানের সুযোগ।"

ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং দ্রুত সমস্যা সমাধানের সক্ষমতা তৈরি ওপর জোর দেন তিনি।

হাবিবা আলতাফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রাইয়ান খায়ের ফুয়াদ।

এছাড়া আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপার্সন জগলুল হক মৃধাসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।