Published : 04 Apr 2026, 10:44 PM
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই পরিচালক বৃহস্পতিবার পদোন্নতি পেয়েছেন বলে নগদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এমএফএস প্রতিষ্ঠানটি বলছে, মোতাছিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বরত অবস্থায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব পান।
বাংলাদেশ ব্যাংকে ১৯৯৯ সালে যোগ দেওয়া এই কর্মকর্তা ব্যাংক পরিদর্শন বিভাগ, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টসহ বিভিন্ন প্রকল্পে দায়িত্ব পালন করেন।
নগদ বলছে, প্রথম দেশি কার্ড স্কিম টাকাপে, এনপিএসবি মাইগ্রেশন, ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম, বাংলা কিউআর প্রবর্তনসহ পেমেন্ট সিস্টেম আধুনিকায়নে তিনি নেতৃত্ব দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে গঠিত সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের আইটি অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, বিজনেস প্রসেস রিইন্জিনিয়ারিংসহ অন্যান্য আধুনিকরণ কাজে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।