আরও ২ বছরের জন্য আইওএসএ সনদ পেল এয়ার অ্যাস্ট্রা
দেশের সবচেয়ে নতুন এয়ারলাইন হিসেবে ২০২৪ সালে এটি প্রথম আইওএসএ সনদ পেয়েছিল।
বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা আরও দুই বছরের জন্য আইএটিএ অপারেশনাল সেফটি অডিট-আইওএসএ সনদ পেয়েছে।
বুধবার এয়ারলাইনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের ২৪ অগাস্ট পর্যন্ত দেশি এয়ারলাইনটি রেজিস্ট্রার্ড এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এতে বলা হয়, দেশের সবচেয়ে নতুন এয়ারলাইন হিসেবে ২০২৪ সালে এটি প্রথম আইওএসএ সনদ পেয়েছিল। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন-আইএটিএ এর দেওয়া আইওএসএ একটি বিশ্বমানের মানদণ্ড নিরুপণী অডিট যা এয়ারলাইন্সের নিরাপদ পরিচালনা নিশ্চিত করে।
এক বছর পর ২০২৫ সালের জুন মাসে এয়ারলাইনটি পূণরায় আইওএসএ সম্পুর্ণ করে ২০২৭ সালের ২৪ অগাস্ট পর্যন্ত আইওএসএ রেজিস্ট্রার্ড এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে জানানো হয়েছে এয়ারলাইনটির পক্ষ থেকে।
এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, “এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট অপারেশন শুরু হওয়ার আগে থেকেই আমরা যাত্রীদের একটি নিরাপদ এবং সুরক্ষিত ফ্লাইট অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষে আইএটিএ অপারেশনাল সেফটি অডিটের পরিকল্পনা শুরু করি। এর অংশ হিসেবে ২০২৪ সালে আইওএসএ সনদ প্রাপ্তি এবং তারই ধারাবাহিকতায় এবছর আমরা পুনরায় এই অডিটটি সম্পন্ন করি।
“এয়ার অ্যাস্ট্রার যাত্রীদের নিরাপদ এবং নিশ্চিন্তে ভ্রমণ করার জন্য সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”
