ভেলক্সপেইজের সঙ্গে অ্যাপভিত্তিক রেমিটেন্স সেবা চালু করল ব্র্যাক ব্যাংক
অস্ট্রেলিয়া প্রবাসীদের রেমিটেন্স পাঠানো এখন সহজ হলো।
অ্যাপভিত্তিক রেমিটেন্স সেবা দিতে অস্ট্রেলিয়ার কোম্পানি ভেলক্সপেইজের সঙ্গে চুক্তি করার কথা জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
এর মাধ্যমে অস্ট্রেলিয়া প্রবাসীদের রেমিটেন্স পাঠানো আরও সহজ ও সুবিধাজনক হবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্র্যাক ব্যাংক বলছে, অস্ট্রেলিয়ান ট্রানজ্যাকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার (অসট্র্যাক) অনুমোদিত ভেলক্সপেইজের রয়েছে নিরাপদ ও ব্যবহারবান্ধব প্ল্যাটফর্ম। প্রবাসীরা মোবাইল অ্যাপ বা ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহার করে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই দেশে টাকা পাঠাতে পারবেন।
গত ১৭ সেপ্টেম্বর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিংয়ের প্রধান শাহরিয়ার জামিল এবং ভেলক্সপেইজের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহীন ইকবাল বলেন, “এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও নিরাপদ রেমিটেন্স চ্যানেল নিশ্চিত করতে চাই।
“এটি আমাদের গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের অঙ্গীকারকে যেমন শক্তিশালী করবে, তেমনই বিদেশি মুদ্রা আয়েও সহায়তা করবে।”
