সেবার মান বাড়াতে মাউন্ট অ্যাডোরা হাসপাতাল ও নূরা হেলথের সমঝোতা চুক্তি
চুক্তির আওতায় মাউন্ট অ্যাডোরা হাসপাতালের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে, যেন তারা রোগী ও স্বজনদের স্বাস্থ্যশিক্ষা দিতে পারেন।
হাসপাতালে পরিবারের সদস্যদের (ফ্যামিলি কেয়ারগিভার) জন্য স্বাস্থ্য শিক্ষাসেবা অন্তর্ভুক্ত করতে মাউন্ট অ্যাডোরা হাসপাতাল ও নূরা হেলথ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
রোববার নূরা হেলথের কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
চুক্তির আওতায়, মাউন্ট অ্যাডোরা হাসপাতালের নার্স ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে, যেন তারা হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের পরিবারের সদস্যদের কাঠামোবদ্ধ স্বাস্থ্যশিক্ষা দিতে পারেন।
এ কর্মসূচির মাধ্যমে পরিবারের সদস্যদেরকে রোগীর বিপদচিহ্ন শনাক্ত করা, নিয়মিত ওষুধ গ্রহণ, ক্ষতের পরিচর্যা এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বাড়িতে রোগীর যত্ন নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হবে।
সিলেট মাউন্ট অ্যাডোরা হাসপাতালের চিফ অপারেটিং অফিসার তানভীর উজ জামান বলেন, “আমাদের হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া প্রত্যেক রোগীর দায়িত্ব নেন তার পরিবারের কোনো না কোনো সদস্য, যিনি পরবর্তী সময়ে তার প্রধান পরিচর্যাকারী হয়ে ওঠেন।
“এই অংশীদারত্বের মাধ্যমে আমরা পরিবারগুলোকে আরও ভালোভাবে সহায়তা করতে পারব, যেন হাসপাতালে আমরা যে সেবা দিই, তা বাড়িতেও নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে অব্যাহত থাকে।”
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নূরা হেলথ বাংলাদেশের মেডিকেল ডিরেক্টর মাহবুবুর রশীদ বলেন, “পারিবারিক পরিচর্যা বিষয়ক স্বাস্থ্যশিক্ষা রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক জ্ঞান ও দক্ষতা থাকলে পরিবারের সদস্যরা রোগীর জন্য আরও ভালো সিদ্ধান্ত নিতে পারে, স্বাস্থ্যকর অভ্যাস চর্চা করতে পারেন এবং সুস্থতার জন্য প্রয়োজনীয় ধারাবাহিক পরিচর্যা নিশ্চিত করতে পারেন।”
