২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আইইউবিএটির সঙ্গে ব্র্যাকনেটের সমঝোতা স্মারক সই

এর মাধ্যমে উদ্ভাবন, জ্ঞান বিনিময় ও প্রযুক্তিগত দক্ষতার বাস্তব প্রয়োগে শক্তিশালী অংশীদারত্ব গড়ে উঠবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 01:20 AM

Updated : 26 Aug 2026, 03:18 PM

শিল্প-শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ব্র্যাকনেট লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

রোববার এই চুক্তিতে স্বাক্ষর করেন আইইউবিএটির রেজিস্ট্রার অধ্যাপক মো. মমতাজুর রহমান ও ব্র্যাকনেটের হেড অব অপারেশনস আরিফ হোসেন।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং একাডেমিক ও প্রযুক্তিগত দক্ষতার বাস্তব প্রয়োগকে কেন্দ্র করে একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলা হবে। 

এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তরে অবদান রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এতে বলা হয়েছে, চুক্তির আওতায় শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, বিভিন্ন কর্মশালা ও সেমিনারের আয়োজন এবং স্মার্ট ক্যাম্পাস ও ডাটাভিত্তিক প্রযুক্তিসহ তথ্য ও প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ নেওয়া হবে।

ব্র্যাকনেট প্রযুক্তিগত সহায়তা, শিল্পখাতের অভিজ্ঞতা এবং মেন্টরশিপ প্রদান করবে। অপরদিকে, আইইউবিএটি অ্যাকাডেমিক সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং যৌথ গবেষণা ও উন্নয়নের জন্য সম্ভাব্য ক্ষেত্র নির্ধারণে কাজ করবে।