২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভী টি এস্টেট ও লন্ডন টি এক্সচেঞ্জ চুক্তি, লক্ষ্য ‘প্রথম মডেল’ চা বাগান গড়ে তোলা

এ মডেল চা বাগান ন্যায্য মজুরি, টেকসই উৎপাদন এবং নৈতিক অবকাঠামোর নতুন মানদণ্ড তৈরি করবে, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 11:43 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

যুক্তরাজ্যভিত্তিক ‘লন্ডন টি এক্সচেঞ্জের’ সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে দেশের চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মৌলভী টি এস্টেট।

চুক্তির অধীনে মৌলভী টি এস্টেট বিশ্বের ‘প্রথম মডেল’ চা বাগান গড়ে তুলতে চায় বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, এ মডেল চা বাগান ন্যায্য মজুরি, টেকসই উৎপাদন এবং নৈতিক অবকাঠামোর নতুন মানদণ্ড তৈরি করবে।

সম্প্রতি মৌলভীবাজারের ‘মৌলভী টি এস্টেটের’ ব্যবস্থাপনা পরিচালক নিজামুদ্দিন হাসান রশিদ এবং ‘লন্ডন টি এক্সচেঞ্জের’ গ্রুপ চেয়ারম্যান ও গ্লোবাল পে চার্টার বিষয়ক ইউনিটার দূত শেখ অলিউর রহমান এ চুক্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য ‘গ্লোবাল পে চার্টার’ বাস্তবায়ন করা। যা ন্যায্য মজুরি, নৈতিক বাণিজ্য ও পরিবেশবান্ধব চা উৎপাদন নিশ্চিত করবে। পাশাপাশি শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন, উৎপাদনের টেকসই মান বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এমওইউ এর বিষয়ে নিজামুদ্দিন হাসান রশিদ বলেন, “এই অংশীদারত্ব বাংলাদেশের চা শিল্পে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি ন্যায্যতা, উদ্ভাবন ও টেকসই অগ্রযাত্রার জন্য বৈশ্বিক মানদণ্ড স্থাপন করবে।”

শেখ অলিউর রহমান বলেন, “এই মডেল চা বাগান দেখাবে কীভাবে দায়িত্বশীল ব্যবসা ও ন্যায্য মজুরি বৈশ্বিক বাণিজ্যে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”