Published : 09 Feb 2026, 11:39 PM
গ্রাহকদের জন্য ডিজিটাল সুবিধা বাড়ানো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) বাজার সম্পৃক্ততা শক্তিশালী করতে ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এই অংশীদারত্বের ফলে কমিউনিটি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারী গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্টেকহোল্ডার এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা ভিনির অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্মে (vimumeclub.com) নির্বাচিত কসমেটিকস পণ্যে আকর্ষণীয় ডিজিটাল ছাড় সুবিধা পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্যোগটি ব্যাংকের এসএমই থ্রি-সিক্সটি ইকোসিস্টেম এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে বলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "শুধু গ্রাহক সুবিধাই নয়, এই সহযোগিতা কমিউনিটি ব্যাংকের এসএমই গ্রাহকদের জন্যও নতুন সম্ভাবনা তৈরি করবে। যোগ্য এসএমই উদ্যোক্তারা ভিনির মাধ্যমে পণ্য বিতরণ, বাজার সংযোগ এবং ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ানোর সুযোগ পাবেন। এতে করে তাদের ব্যবসা সম্প্রসারণ ও শেষ ধাপ পর্যন্ত বাজারে প্রবেশ সহজ হবে।"
দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিতে সই করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেডের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) আহসান পারভেজ খন্দকার।
এ সময় কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদসহ ভিনি কসমেটিকসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিমিয়া সাআদত বলেন, "এই অংশীদারিত্ব এসএমই থ্রি-সিক্সটি ভিশন -এর বাস্তব প্রতিফলন, যেখানে একদিকে গ্রাহকেরা পাবেন ডিজিটাল সুবিধা, অন্যদিকে এসএমই উদ্যোক্তারা পাবেন বাস্তবভিত্তিক বাজার ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ।"
ভিনি কসমেটিকস আশা করছে, এ সহযোগিতার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহক সম্পৃক্ততা বাড়বে, নতুন গ্রাহকগোষ্ঠীর কাছে পৌঁছানো সহজ হবে এবং উভয় প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভিজিবিলিটি জোরদার হবে।