পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু
এ কার্ড দিয়ে অনলাইনে কেনাকাটা, বিক্রয়কেন্দ্রের যন্ত্রে (পিওএস) মূল্য পরিশোধ এবং অন্যান্য আন্তর্জাতিক লেনদেন করা যাবে। আন্তর্জাতিক ভ্রমণেও কার্ডধারীরা বিভিন্ন সুবিধা পাবেন।
অফশোর ব্যাংকিংয়ের গ্রাহকদের জন্য ওয়ার্ল্ড মাস্টারকার্ড ডেবিট কার্ড চালু করেছে পূবালী ব্যাংক ও মাস্টারকার্ড।
বুধবার পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকটির অফশোর ব্যাংকিং ইউনিটের গ্রাহকদের জন্য বিশেষভাবে এ কার্ড চালু করা হয়েছে। মার্কিন ডলারসহ অন্যান্য অনুমোদিত বৈদেশিক মুদ্রায় পরিচালিত অফশোর সঞ্চয়ী ও চলতি হিসাবের সঙ্গে কার্ডটি যুক্ত করা যাবে।
এ কার্ড দিয়ে অনলাইনে কেনাকাটা, বিক্রয়কেন্দ্রের যন্ত্রে (পিওএস) মূল্য পরিশোধ এবং অন্যান্য আন্তর্জাতিক লেনদেন করা যাবে। আন্তর্জাতিক ভ্রমণেও কার্ডধারীরা বিভিন্ন সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্টারকার্ডের লাউঞ্জকি কর্মসূচির আওতায় একজন অতিথিসহ বছরে তিনবার বিনামূল্যে আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুযোগ থাকবে।
এ ছাড়া ঢাকার বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে একজন অতিথিসহ বছরে দুবার বিনামূল্যে প্রবেশ করা যাবে। দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর লাউঞ্জেও সারা বছর একজন অতিথিসহ বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।
কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “বাংলাদেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু হওয়া এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পূবালী ব্যাংক মাস্টারকার্ড অফশোর ব্যাংকিং ওয়ার্ল্ড ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকেরা বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুবিধা, সহজ পেমেন্ট ব্যবস্থা এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন। এর ফলে অফশোর ব্যাংকিং সেবা আরও সহজ ও ব্যবহারবান্ধব হবে।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, “ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ ও আর্থিক যোগাযোগ ক্রমেই আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হচ্ছে। ফলে গ্রাহকেরাও এমন ব্যাংকিং সেবা চান, যার মাধ্যমে সহজে এক দেশ থেকে অন্য দেশে লেনদেন করা যায়।
“বাংলাদেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করতে সহযোগিতা করা আরও সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন আর্থিক সেবা নিশ্চিত করার প্রতি মাস্টারকার্ডের অঙ্গীকারের প্রতিফলন।”
